শান্তিপূর্ণভাবে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্নের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) মহেশখালী সরকারি মডেল হাই স্কুলে “গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ব্রিফিং” অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আ. মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আজিজ।
ব্রিফিং সেশনে গণভোট ও জাতীয় নির্বাচন সংশ্লিষ্ট আচরণবিধি, নিরাপত্তা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ভোটগ্রহণের দায়িত্ব বণ্টন এবং ভোটগ্রহণ কার্যক্রমের সার্বিক প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পেশাগত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের ওপর গুরুত্বারোপ করা হয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
ব্রিফিং শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহেশখালী উপজেলার একাধিক ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামোগত প্রস্তুতি, নিয়োজিত জনবলের প্রস্তুতি এবং সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করা হয়। এসময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।