কক্সবাজারের কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে দুই দিন ধরে ভাসতে থাকা মাছ ধরার ট্রলারসহ ৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।
শুক্রবার (১৯ জুন) রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, কক্সবাজার হতে ‘এফবি সৌরভ’ নামক একটি মাছ ধরার ট্রলারে ৪ জন জেলেসহ সন্দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করে গত বৃহস্পতিবার সকালে। কিন্তু দুপুর ২ টায় কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। পরে শুক্রবার সকাল ৯ টায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করে সহায়তা চাইলে বিষয়টি কোস্টগার্ড অবগত হয়।
“তাৎক্ষণিকভাবে সমুদ্রে টহলে নিয়োজিত কোস্টগার্ড জাহাজ গভীর সমুদ্রে একটি উদ্ধার অভিযান পরিচালনা করে। এসময় বিকল হওয়া ট্রলারসহ ৪ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয় এবং জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়। উদ্ধারকৃত ৪ জন জেলেসহ ট্রলারটি মালিকপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”
তিনি আরও বলেন, জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।