জাতীয় আইনগত সহায়তা দিবস মঙ্গলবার ২৮ এপ্রিল। এই বছর আইনগত সহয়তা দিবসের প্রতিপাদ্য : "সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ"। দিবসটি উপলক্ষ্যে অসচ্ছল ও অসহায় মানুষদের বিনামূল্যে আইনি পরামর্শ ও আইনি সহায়তা নিশ্চিত করতে দেশব্যাপী সরকারি আইনি সহায়তা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হবে।
দিবসটি পালন উপলক্ষে কক্সবাজার জেলা লিগ্যাল এইড কমিটি মঙ্গলবার ২৮ এপ্রিল ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে, মঙ্গলবার সকাল ৮ টায় কক্সবাজার জেলা জজ আদালত প্রাঙ্গণে কক্সবাজারের জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহিম কর্তৃক র্যালী উদ্বোধন এবং উদ্বোধনের পর র্যালীটি কক্সবাজার শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করবে। একইদিন সকাল সাড়ে ৯ টায় জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবদুর রহিম এর সভাপতিত্বে জাতীয় আইনগত সহায়তা দিবস এর তাৎপর্য বিষয়ক আলোচনা সভা।
এছাড়াও দিবসটি পালন উপলক্ষে ডকুমেন্টারি প্রদর্শন, শ্রেষ্ঠ প্যানেল আইনজীবীদের পুরস্কার প্রদান, স্বেচ্ছায় রক্তদান, ফ্রী ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস পরীক্ষা, লিগ্যাল এইড মেলা, গণমাধ্যমে নিবন্ধ প্রকাশ করা হবে। জেলা জজ আদালত প্রাঙ্গণে দিনব্যাপী এসব অনুষ্ঠানমালা চলবে।
‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬' উপলক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতার কক্সবাজার স্টেশনে কক্সবাজারের জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সিভিল জজ অভিজিৎ চৌধুরী কর্তৃক লিগ্যাল এইড দিবসের তাৎপর্য তুলে ধরে কথিকা পাঠ করা হয়েছে।
কক্সবাজারে জাতীয় আইনগত সহায়তা দিবসের কর্মসূচী সফল করতে জেলা লিগ্যাল এইড অফিসার অভিজিৎ চৌধুরী সংশ্লিষ্ট সকলের উপস্থিতি ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।