সোমবার (২৪ নভেম্বর) দুপুরে দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় কাফনের কাপড় পড়ে সড়কে লবণ ঢেলে বিক্ষোভ করেন চাষিরা।
তাদের দাবি, লবণ আমদানির সিদ্ধান্ত বন্ধ এবং ন্যায্যমূল্য নিশ্চিতে ব্যবস্থা না নিলে আন্দোলন অব্যাহত থাকবে।
কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় সরেজমিনে দেখা যায় চলতি মৌসুমে লেমশীখালী উপকূলে মণের পর মণ নতুন লবণ উঠছে মাঠে। যা বিক্রির জন্য স্তুপ করে রাখা হয়েছে। কিন্তু মাঠ পর্যায়ে নতুন লবণ উঠতেই ব্যাপক দরপতন শুরু হয়েছে। চাষিদের দাবি, প্রতি মণ লবনে ১০০ টাকা কমে এখন বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকায়।
এমন পরিস্থিতিতে মাঠে কাফনের কাপড় পরে দীর্ঘ ২ ঘন্টা লবণ উৎপাদনে বিরত থাকার পাশাপাশি সড়কে মিছিল সহকারে বিক্ষোভ করেন তারা। এক পর্যায়ে সড়কে লবণ ঢেলে শুয়ে পড়ে চাষিরা। তাদের দাবি, লবণ আমদানির সিদ্ধান্তে মিল মালিকদের চক্রান্তে মাঠ পর্যায়ে লবণের ব্যাপক দরপতন হয়েছে।
কুতুবদিয়ার লেমশীখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন জানান, লবণ আমদানি বন্ধ ও মাঠ পর্যায়ে লবণের ন্যায্যমূল্য নিশ্চিত না করলে ধ্বংস হবে দেশের লবণ শিল্প।
কক্সবাজারে ৬৯ হাজার একর জমিতে লবণ চাষ করেন প্রায় ৪১ হাজার চাষি। কিন্তু চলতি মৌসুমে লবণের ন্যায্যমূল্য নিশ্চিত না হওয়া এখনো মাঠে নামেনি প্রায় ৩০ হাজারের বেশি লবণ চাষি।