এশিয়ান গেমসে বাংলাদেশের সার্ফিংয়ের অভিষেকেই আশার আলো। জাপানের তাহারায় প্রথম রাউন্ডে নেমে নারী বিভাগে ফাতেমা আক্তার ও পুরুষ বিভাগে মোহাম্মদ মান্নান পেরিয়েছেন পরবর্তী ধাপ। প্রতিকূল আবহাওয়া আর ছোট ঢেউয়ের বাধা পেরিয়ে দুজনই এখন দ্বিতীয় রাউন্ডে। কোয়ার্টার ফাইনালের পথে বাংলাদেশের এই দুই সার্ফারের সামনে নতুন চ্যালেঞ্জ।
প্রথমবার এশিয়ান গেমসের মঞ্চে বাংলাদেশের সার্ফিং। শুক্রবার সকাল ৭টায় নারী বিভাগের খেলা দিয়ে শুরু হয় ঐতিহাসিক এই যাত্রা। জাপানের তাহারায় দ্বিতীয় হিটে পানিতে নামেন বাংলাদেশের ফাতেমা আক্তার। সঙ্গে ছিলেন চীন ও ইন্দোনেশিয়ার দুই প্রতিযোগী। তিনজনের লড়াইয়ে তৃতীয় হন ফাতেমা।
তবে শুরু থেকেই বাধা হয়ে দাঁড়ায় আবহাওয়া। খারাপ ওয়েদার আর ঢেউয়ের অনুকূল পরিস্থিতি না থাকায় কয়েক দফা বন্ধ থাকে প্রতিযোগিতা। বেলা ১২টা ৪৫ মিনিটে আবার শুরু হয় মেয়েদের প্রথম রাউন্ডের বাকি হিট। দুইটার আগেই শেষ হয় নারী বিভাগের প্রথম রাউন্ড। এরপর শুরু হয় পুরুষ বিভাগের লড়াই।
পঞ্চম হিটে পানিতে নামেন বাংলাদেশের মোহাম্মদ মান্নান। তার সঙ্গে ছিলেন আফগানিস্তান ও ইন্দোনেশিয়ার দুই সার্ফার। ভালো পারফরম্যান্সে হিটে দ্বিতীয় হন মান্নান। আর এতেই নিশ্চিত হয় দ্বিতীয় রাউন্ডের টিকিট।
বাংলাদেশ সার্ফিং দলের টিম অফিসিয়াল মো. সাইফুল্ল্যাহ সিফাত বলেন, এশিয়ান গেমসে প্রথমবার বাংলাদেশের সার্ফিংয়ের যাত্রা শুরু হয়েছে। প্রথম রাউন্ডে ফাতেমা তৃতীয় এবং মান্নান দ্বিতীয় হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে। আবহাওয়া ও ওয়েভ কন্ডিশনের কারণে খেলা কয়েক দফা বন্ধ থাকলেও শেষ পর্যন্ত দুই বিভাগেই প্রথম রাউন্ড শেষ হয়েছে। শনিবার দ্বিতীয় রাউন্ডে ফাতেমা ও মান্নান দুজনই খেলবে। আবহাওয়া ভালো থাকলে কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।
শুধু মান্নান নন-প্রথম রাউন্ড পেরিয়েছেন ফাতেমাও। ফলে দ্বিতীয় রাউন্ডে নারী ও পুরুষ-দুই বিভাগেই থাকবে বাংলাদেশের প্রতিনিধিত্ব। মান্নান নামবেন তৃতীয় হিটে। ফাতেমার হিটও নির্ধারিত হবে ঢেউ ও আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায়। তবে প্রথম দিনের সাফল্যে উচ্ছ্বসিত সার্ফার মো. মান্নান। বলছেন, সামনে আরও ভালো কিছু করার প্রত্যাশার কথা।
মো. মান্নান বলেন, আজকের হিটটা খুব ভালো গেছে। আমার সঙ্গে ইন্দোনেশিয়া ও আফগানিস্তানের প্রতিযোগী ছিল। তাদের সঙ্গে লড়াই করে আমি দ্বিতীয় হয়েছি। এতে খুব ভালো লাগছে। আশা করছি, ইনশাআল্লাহ সামনে আরও ভালো কিছু করতে পারব।
এশিয়ান গেমসে বাংলাদেশের সার্ফিংয়ের প্রথম অধ্যায়েই দ্বিতীয় রাউন্ডে দুই প্রতিযোগী। এবার ফাতেমা-মান্নানের লক্ষ্য-ঢেউ জয় করে পৌঁছানো কোয়ার্টার ফাইনালে।