কক্সবাজারের টেকনাফে সম্পত্তিসংক্রান্ত বিরোধে দুই ছেলে মিলে নিজের পিতাকে পিটিয়ে হত্যা করেছে।
সোমবার (৯ মার্চ) দিবাগত রাত ১টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কালা মিয়া (৭০) ওই গ্রামের বাসিন্দা। হত্যার ঘটনায় অভিযুক্ত তার দুই ছেলে শাকের আলম ও মনির আলম।
স্থানীয় ইউপি সদস্য আবুল ফয়েজ জানিয়েছেন, কালা মিয়ার ছেলেরা মায়ের জমির ভাগ নিয়ে বাবার সঙ্গে ঝগড়া-বিবাদে লিপ্ত হতো। আগে বড় মেয়ে বিষয়টি জানানোর পর আমি ছেলেদের ডেকে বুঝিয়েছি। তবুও গত দুই দিন ধরে তারা বাবাকে বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখছিল সম্পত্তির জন্য।
রাতে তাকে বেহুঁশ অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। টেকনাফ হাসপাতালের চিকিৎসক মামুন জানান, হাসপাতালে আনার আগে মৃত অবস্থায় ছিলেন এবং শরীরে আঘাতের চিহ্ন ছিল।
নিহতের বড় মেয়ে এলম বাহার বলেন, রোববার মনিরুল আলম বাবাকে তুলে নিয়ে গিয়েছিল এবং সারাদিন তাকে খুঁজে পাওয়া যায়নি। রাত ১২টার দিকে বেহুঁশ অবস্থায় বাবাকে পাওয়ার পর সবাই মিলে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানিয়েছেন, জমিজমাসংক্রান্ত বিরোধের কারণে দুই ছেলে মিলে বাবাকে হত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।