কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল আবছারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের আরও একটি মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালত। আদালত তাকে আত্মসাৎ করা টাকার সমপরিমাণ অর্থ ২৯ লাখ ১৫০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের শাস্তিও দিয়েছেন।
সোমবার (১২ জানুয়ারি) রায় ঘোষণা করেন বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান।
বিশেষ জজ আদালতের পেশকার মোহাম্মদ সাহেদ জানান, আদালত নুরুল আবছারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দিয়েছেন। নুরুল আবছার জামিনে থেকে পলাতক রয়েছেন।
মামলার নথিপত্র বলছে, ১৯৮৪ থেকে ১৯৮৯ সালের মধ্যে চেয়ারম্যান থাকাকালীন সময়ে পৌরসভার বিভিন্ন কাজের জন্য আত্মসাৎ করা ২৯ লাখ ১৫০ টাকা নিয়ে ১৯৯১ সালে দুর্নীতি দমন ব্যুরো মামলা করেছিল।
এর আগে গত ৭ জানুয়ারি একই আদালত অর্থ আত্মসাতের তিনটি মামলায় নুরুল আবছারের প্রতিটিতে এক বছর করে সাজা দিয়েছিল।