সাবেক জেলা সমবায় অফিসার মো: বখতিয়ার কামাল (৬৮) আর নেই। শুক্রবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে চট্টগ্রাম শহরের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি--রাজেউন)। মরহুমের জ্যেষ্ঠ সন্তান শাফায়াত কামাল সৌরভ বিষয়টি নিশ্চিত করেছেন।
মরহুম মো: বখতিয়ার কামাল কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছরা পুলিশ ফাঁড়ি সংলগ্ন ডালিয়া কলোনীর বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনির জটিলতা সহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। মো: বখতিয়ার কামাল কক্সবাজারের জেলা সমবায় অফিসার, উপজেলা সমবায় অফিসার সহ সমবায় বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। মো: বখতিয়ার কামাল এবিসি ঘোনা চেয়ারম্যান ঘাটাস্থ হজরত মায়মুনা (রা:) মাদরাসা ও আবদুল্লাহ নাহার হেফজ-এতিমখানার সহ সভাপতি, একই এলাকার মসজিদে বায়তুল্লাহ কমপ্লেক্স পরিচালনা কমিটির নির্বাহী সদস্য সহ বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও কল্যাণকর প্রতিষ্ঠানের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
মো: বখতিয়ার কামাল মরহুম মোহাম্মদ ইউনুসের পুত্র ও কক্সবাজার পিটিআই (প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট) এর সাবেক সুপার আলহাজ্ব মমতাজুল হকের জামাতা। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৩ পুত্র, এক কন্যা সহ অনেক আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। মরহুমের মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানাজা দুপুর ২টায় :
সাবেক জেলা সমবায় অফিসার মো: বখতিয়ার কামালের নামাজে জানাজা শনিবার (১১ জুলাই) দুপুর ২টায় দক্ষিণ রুমালিয়ার ছরা মরহুমের বাসভবন সংলগ্ন পুলিশ ফাঁড়ির সম্মুখস্থ মাঠে অনুষ্ঠিত হবে বলে মরহুমের সন্তান শাফায়াত কামাল সৌরভ জানিয়েছেন।
শোক প্রকাশ :
শহরের এবিসি ঘোনা চেয়ারম্যান ঘাটাস্থ হজরত মায়মুনা (রা:) মাদরাসা ও আবদুল্লাহ নাহার হেফজ এতিমখানার সহ সভাপতি মো: বখতিয়ার কামালের মৃত্যুতে প্রতিষ্ঠান ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আমান উল্লাহ, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হোসাইন ও প্রধান শিক্ষক মোহাম্মদ লোকমান হাকিম গভীর শোক প্রকাশ করেছেন। এই প্রতিষ্ঠানে মো: বখতিয়ার কামালের ব্যাপক অবদানের কথা উল্লেখ করে তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।