কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদার তিনতলা ভবন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম এভার কেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে লাইফ সাপোর্টে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর এক দুর্ঘটনাবশত ভবন থেকে পড়ে গিয়ে মারাত্মক চোট পান তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত চট্টগ্রাম এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লাইফ সাপোর্টে রয়েছেন বলে নিশ্চিত করেছেন তাঁর ভাই শেফায়েত হোসেন ও এমরান সিকদার।
এদিকে সাবেক এই কাউন্সিলরের শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে বিভ্রান্তি দেখা দেয়। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে। তাঁর ভাই এমরান সিকদার সামাজিক যোগাযোগ মাধ্যমে পূর্বের দেওয়া পোস্ট সংশোধন করে নিশ্চিত করেন যে, সাহাব উদ্দিন সিকদার এখনো মারা যাননি, তিনি চিকিৎসকদের সার্বিক পর্যবেক্ষণে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা সাবেক এই জনপ্রতিনিধির দ্রুত সুস্থতা ও জীবনরক্ষার জন্য সর্বস্তরের মানুষের কাছে দোয়ার আবেদন জানিয়েছেন।