কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পর পর দুইবার নির্বাচিত সাবেক জনপ্রিয় কাউন্সিলর ও বিশিষ্ট সমাজসেবক সাহাব উদ্দিন সিকদার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪১ বছর। তাঁর অকাল প্রয়াণের খবর নিশ্চিত করেছেন মরহুমের সহোদর ভাই শেফায়েত হোসেন শেফা। গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর (শনিবার) রাত আনুমানিক ১১টার দিকে নিজ ভবনের তিন তলার ব্যালকনি থেকে দুর্ঘটনাবশত নিচে পড়ে গিয়ে মারাত্মক চোট পান সাহাব উদ্দিন সিকদার। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত চট্টগ্রামে স্থানান্তর করা হয়। সেখানে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতাল হয়ে পরবর্তীতে পার্কভিউ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
সাবেক এই জনপ্রতিনিধির আকস্মিক মৃত্যুর খবর কক্সবাজারে পৌঁছালে পুরো ৫ নম্বর ওয়ার্ডসহ গোটা শহরজুড়ে গভীর শোকের ছায়া নেমে আসে। তিনি মৃত্যুকালে স্ত্রী, চার কন্যা, এক পুত্র সন্তান, অসংখ্য আত্মীয়-স্বজন ও বিপুলসংখ্যক গুণগ্রাহী রেখে গেছেন। এলাকার মানুষের সুখে-দুঃখে সর্বদা পাশে থাকা এই অমায়িক ও বিনয়ী ব্যক্তিত্বের প্রয়াণে রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
রাতে এ রিপোর্ট তৈরি করার সময় স্বজনরা জানিয়েছেন, মরহুমের মরদেহ চট্টগ্রাম থেকে কক্সবাজার শহরের বাসভবনে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের সিদ্ধান্ত অনুযায়ী, আজ শুক্রবার (২ অক্টোবর) দুপুর ২টায় জুমার নামাজ শেষে, বেলা ২:৩০ মিনিটে ঐতিহ্যবাহী কক্সবাজার হাসেমিয়া কামিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে এজাহার মিয়া চৌধুরী পারিবারিক কবরস্থানে (আলিরজাহাল) তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সর্বস্তরের সর্বসাধারণকে জানাজায় শরিক হওয়ার আকুল আবেদন জানানো হয়েছে।