কুতুবদিয়ায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধে জরুরি মেরামতকৃত জিও ব্যাগ কেটে চুরি করা হচ্ছে । অভিযোগের পর পুলিশ অভিযান চালিয়ে এক বাড়ি থেকে ৪০ ফুট জিও ব্যাগ উদ্ধার করেছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে এসব জিও ব্যাগ উদ্ধার করা হয়।
জরুরি মেরামতে জিও ব্যাগ ফেলার কাজের ঠিকাদার প্রতিনিধি আব্দুল হামিদ জানান, বড়ঘোপ রোমাই পাড়া, সাইটপাড়ায় বাঁধের জরুরি কাজের মেরামতকৃত ৩টি পয়েন্টে রাতের আধাঁরে জিও ব্যাগ কেটে নেয় স্থানীয়রা। জোয়ারের ঢেউয়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে সংশ্লিষ্ট এলাকা। পরে এ বিষয়ে সহকারী কমিশনার ( ভূমি) কে লিখিত অভিযোগ দিলে তিনি পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।
কুতুবদিয়া থানার এস আই প্রবাল সিনহা জানান, জিও ব্যাগ কেটে নেয়ার বিষয়ে অভিযোগ পেয়ে শনিবার দুপুরে বাঁধের পাশে রোমাই পাড়ায় জনৈক আইয়ুব খানের বাড়িতে ৪০ ফুট ব্যবহৃত জিও ব্যাগ পাওয়া যায়। জব্দ করে পার্শ্ববর্তী দোকানের জিম্মায় রাখা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে থানায় ডাকা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আবদুল মালেক বলেন, ক্ষতিগ্রস্ত বাঁধের মেরামত কাজের প্রায় শেষ। ঝুঁকির মাঝে থেকেও অসাধু কিছু মানুষ জিও ব্যাগ চুরি করায় বর্ষা মওসুমে ফের ভাঙনের কবলে পরবে রোমাইপাড়া, সাইটপাড়া।