রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও একটি ধারালো দা উদ্ধার করেছে র্যাব-১৫। সোমবার (১৫ জুন) রাতে উপজেলার উখিয়াঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাউয়ারখোপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উখিয়াঘোনা এলাকায় এক ব্যক্তি মাদকসহ অবস্থান করছেন, এমন তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে র্যাব-১৫ এর সিপিএসসি ক্যাম্পের একটি দল সেখানে অভিযান চালায়।
অভিযানকালে একটি বসতবাড়ির সঙ্গে সংযুক্ত গোয়ালঘরের ফাঁকা স্থানে ময়লার স্তূপের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় একটি দেশীয় তৈরি ব্যারেলযুক্ত একনলা বন্দুক এবং একটি বড় ধারালো দা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত একনলা বন্দুকটির দৈর্ঘ্য ৫৩ দশমিক ৫ ইঞ্চি এবং কাঠের হাতলযুক্ত ধারালো দাটির দৈর্ঘ্য ৩৪ ইঞ্চি বলে জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, অভিযানের সময় তাদের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে উদ্ধারকৃত অস্ত্রগুলোর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সাধারণ ডায়েরি (জিডি) মূলে রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
র্যাব-১৫ এর পক্ষ থেকে বলা হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এ ধরনের বিশেষ ও চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।