মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় অংশগ্রহণ এবং একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে দুই দিনের সরকারি সফরে আগামীকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারিকৃত মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া স্বাক্ষরিত এক সরকারি সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।
নির্ধারিত সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৩টায় বাংলাদেশ সচিবালয় থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিকেল ৪টা ৪০ মিনিটে বিমানে করে তিনি কক্সবাজারের উদ্দেশে যাত্রা করবেন। বিকেল ৫টা ৫০ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে তিনি সরাসরি হিল ডাউন সার্কিট হাউসে যাবেন।
সেখানে কিছুক্ষণ বিশ্রামের পর সন্ধ্যা ৭টায় সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত 'মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা উন্নয়ন সংক্রান্ত সভা'য় অংশগ্রহণ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। দিনের কর্মসূচি শেষে ওই রাতে তিনি সার্কিট হাউসেই নৈশভোজ ও রাত্রিযাপন করবেন।
পরদিন শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টায় স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) কার্যালয়ে উপস্থিত হবেন এবং কার্যালয়টি পরিদর্শন করবেন। এরপর বেলা ১১টায় কউকের 'ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প-১'-এর সাইটে উপস্থিত হয়ে এই প্রকল্পের শুভ উদ্বোধন করবেন তিনি।
উদ্বোধন শেষে বেলা সাড়ে ১১টায় কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে উপস্থিত হয়ে হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
দুপুর সাড়ে ১২টায় তিনি পুনরায় হিল ডাউন সার্কিট হাউসে ফিরে যাবেন এবং সেখানে জুমার নামাজ আদায়, মধ্যাহ্নভোজ ও বিশ্রাম নেবেন।
দিনব্যাপী ব্যস্ত কর্মসূচি শেষে শুক্রবার রাত ৮টায় তিনি কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশে সার্কিট হাউস ত্যাগ করবেন। রাত সাড়ে ৮টায় বিমানযোগে তিনি ঢাকার উদ্দেশে কক্সবাজার ছেড়ে যাবেন।
এই সরকারি সফরে স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন তাঁর একান্ত সচিব (উপসচিব) মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া। স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে কক্সবাজার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ও প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।