পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে নিজ জেলা কক্সবাজারে পৌঁছেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (২০ মার্চ) রাত ৮টায় তিনি ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। এসময় তার সহধর্মিণী ও সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ তার সঙ্গে ছিলেন।
বিমানবন্দরে পৌঁছালে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, লুৎফুর রহমান কাজল, জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান এবং পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানান, তিনি আগামী রোববার কক্সবাজার সমুদ্রসৈকত পরিদর্শনে যাবেন। পাশাপাশি সৈকতের বালিয়াড়িতে কোনো ধরনের অবৈধ স্থাপনা না রাখার নির্দেশনাও দেন।
পরে তিনি হিলটপ সার্কিট হাউজে অবস্থান নেন এবং সেখানে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন ও তাদের খোঁজখবর নেন। রাত ১০টার দিকে তিনি গাড়িযোগে নিজ বাড়ি পেকুয়ার উদ্দেশ্যে রওনা হন।
মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এটি তার দ্বিতীয় কক্সবাজার সফর। তিন দিনের এই সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল ৯টায় পেকুয়া ঈদগাহ মাঠে তিনি পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। নামাজ শেষে নিজ বাসভবনে স্থানীয় মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
রোববার দুপুর ১২টায় পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও পারিবারিক মিলনমেলায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।
সফরের শেষ দিনে বিকেল ৪টা ৪০ মিনিটে তিনি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।