বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের মধ্যম বাইশারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি বসতঘর সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোররাতে হঠাৎ এ আগুনের সূত্রপাত হয়। স্থানীয়দের জানান, গভীর রাত হওয়ায় বাড়ির লোকজন কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান শিখা দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা চালালেও তা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন।
ক্ষতিগ্রস্ত বাড়িটির মালিক কবির উদ্দিন আহমদ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলম কোম্পানি জানান, অগ্নিকাণ্ডে একটি পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।