কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালি গ্রামে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নে মানবিক কার্যক্রম পরিচালনা করেছে শামসুল ইসলাম চৌধুরী ও কোহিনূর আরা বেগম ফাউন্ডেশন।
গত ২৩ জানুয়ারি বদরখালিস্থ সৈয়দ খুরশিদা বেগম প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে একটি আলোচনা ও সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়টি এলাকার বিশিষ্ট সমাজসেবী সৈয়দ খুরশিদা বেগম–এর নামে, প্রয়াত প্রধান শিক্ষক মাহমুদুল ইসলাম প্রতিষ্ঠা করেন।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষা ও ধর্মীয় উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এতে ফাউন্ডেশনের পরিবারের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও ধর্মীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, একটি সমাজের টেকসই উন্নয়নের জন্য শিক্ষা বিস্তার ও নৈতিক মূল্যবোধের চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যকে সামনে রেখেই শামসুল ইসলাম চৌধুরী ও কোহিনূর আরা বেগম ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের মানবিক সহায়তা বদরখালির মতো গ্রামীণ অঞ্চলে শিক্ষা ও ধর্মীয় কার্যক্রমকে আরও গতিশীল করবে।