কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীর ধানের শীষ মার্কার সমর্থনে গতকাল সোমবার অনুষ্ঠিত উখিয়ার শেষ নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছিল।
দুপুর ২ টা থেকে জালিয়া পালং এর মনখালি, মাদার বুনিয়া, ইনানী নিদানিয়া সোনারপাড়া, হলদিয়া পালং, পাতা বাড়ি, পাগলীর বিল, রত্না পালং, ভালুকিয়া পালং, গয়াল মারা, চাকবৈটা, কুতুপালং, বালুখালী, থাইংখালী, পালংখালী সহ টেকনাফের বিভিন্ন ইউনিয়ন থেকে গাড়ি নিয়ে ধানের শীষের মিছিল সহকারে জামায়েত হয়। ঢোল তবলা নিয়ে গান বাজিয়ে ভোট দিব কিসে ধানের শীষে, শাহাজাহান চৌধুরী জিন্দাবাদ স্লোগানের মুখরিত হয়ে ওঠে পুরো উখিয়া। নির্ধারিত সময়ের আগেই মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শেষ এই নির্বাচনী জনসভায় উখিয়া ও টেকনাফের প্রায় সব ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতাকর্মী ও ধানের শীষের সমর্থকদের অংশগ্রহণে পরিপূর্ণ হয়ে উঠে সভাস্থল।
বিএনপি'র মনোনীত প্রার্থী সাবেক হুইপ শাহজাহান চৌধুরী জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের সেবক হয়ে থাকতে চাই উল্লেখ করে বলেছেন, উখিয়া-টেকনাফের উন্নয়নে আমার জীবন উৎসর্গ করেছি, জীবনে এক টাকাও দুর্নীতি করিনি এবং কোনো মানুষের ক্ষতি করিনি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
সাবেক সাংসদ আরো বলেন, 'সারা পৃথিবী থাকিয়ে আছে বাংলাদেশে একটি স্থিতিশীল সরকার আসবে, স্থিতিশীল সরকার গঠনে বিএনপির বিকল্প নেই। আপনারা সবাই ধানের শীষে ভোট দিবেন ইনশাআল্লাহ বিএনপি সরকার প্রতিষ্ঠা করবে।'
উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরীর পরিচালনায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হেলাল উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সহ-সম্পাদক এম মোক্তার আহমদ, সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান নুরুল কবির চৌধুরী, সাবেক চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, টেকনাফ বিএনপি'র সভাপতি এডঃ হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ সহ জেলা-উপজেলা বিএনপি অংগ ও সহযোগি সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, জামায়াত কেবল একটি রাজনৈতিক দল। এই দলকে ইসলামী দল বলা যাবে না । দলটি ইসলামকে অপ ব্যবহার করে মানুষের মাঝে বিভ্রান্ত ছড়াচ্ছে। দাড়ি পাল্লায় ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে এমন কথা কেউ বিশ্বাস করবেন না। এটা বলে মুসলমানদের সাথে ধোঁকাবাজি করছে জামায়াত। সবকিছুর মালিক আল্লাহ। শুধুমাত্র ভোটের আশায় জামায়াত সর্বত্র মিথ্যাচার করে যাচ্ছে। বক্তারা আগামী ১২ তারিখে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে শাহজাহান চৌধুরীকে বিজয়ী করার আহবান জানান।