কুতুবদিয়া উপজেলার সেন্টার এলাকায় অবস্থিত পিলটকাটা খালে অবৈধভাবে জাল বসিয়ে মাছ শিকারের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব উল আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানে খালের প্রবাহে বাধা সৃষ্টি করে বসানো বাঁশের বেড়া ও অবৈধ জাল অপসারণ করা হয়। এসময় পুলিশের একটি দল উপস্থিত ছিল, যার মধ্যে থানার এসআই ওমর ফারুকও ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব উল আলম জানান, পিলটকাটা খালটি একটি প্রবাহমান খাল। কিছু ব্যক্তি অবৈধভাবে বাঁশের বেড়া দিয়ে খালটি দখল করে মাছ শিকার করে আসছিল। এতে খালের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি এলাকার কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ছিল। তাই খালটি দখলমুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, প্রায় ছয় মাস আগে একই স্থানে খাল দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বাপ্পী নামে এক যুবক নিহত হন। সে সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খালটি একবার দখলমুক্ত করা হয়েছিল।