স্টাফ রিপোর্টার, পেকুয়া
'কৃষক কার্ড থাকলে হাতে - সেবা পাবেন সাথে সাথে' এই প্রতিপাদ্যকে সামনে রেখে পেকুয়া উপজেলায় কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
'কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সবার আগে বাংলাদেশ স্লোগানে' বৃহষ্পতিবার বিকেলে ফেনী জেলা ফুলগাজী থেকে কৃষিকার্ড, ইমাম মোয়াজ্জেম, পুরোহিতদের বেতন ভাতা কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। সরকারি তথ্য অনুযায়ী, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের বিভিন্ন কৃষি সেবা, সরকারি সহায়তা ও প্রণোদনা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক আবদুল মান্নান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. বিমল কুমার প্রমানিক, জেলা পুলিশ সুপার সাজেদুর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, পেকুয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ বোষ,প্রাণী সম্পাদক কর্মকর্তা ডা: আসাদুজ্জামান, উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বুলবুল আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা মোস্তাফা জামান, জনস্বাস্থ্য প্রকৌশলী সালাহ উদ্দিনসহ স্থানীয় কৃষক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। অনুষ্ঠান উদ্বোধনের সঙ্গে সঙ্গে পেকুয়া উপজেলায় ৯৮২ জন কৃষক একযোগে অনলাইনে কৃষক কার্ডের সহায়তা গ্রহণ করেন।
কৃষি বিভাগের সংশ্লিষ্টরা জানান, কৃষক কার্ডের মাধ্যমে পর্যায়ক্রমে কৃষকদের বিভিন্ন ধরনের সরকারি কৃষি সেবা, উপকরণ, প্রণোদনা, ঋণ, প্রশিক্ষণসহ নানা সুবিধার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে প্রকৃত কৃষকদের শনাক্তকরণ এবং তাদের কাছে সরকারি কৃষি সহায়তা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হবে বলে আশা করা হচ্ছে।