সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি এক সরকারি সফরে আজ শনিবার (১১ এপ্রিল) পর্যটন নগরী কক্সবাজার আসছেন। দিনব্যাপী এই সফরে তিনি জেলার টেলিযোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, ফাইভ-জি নেটওয়ার্কের প্রস্তুতি এবং সাধারণ মানুষের জন্য বিনামূল্যে ইন্টারনেট সেবা নিশ্চিতকরণসহ গুরুত্বপূর্ণ একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
সরকারি সফরসূচি অনুযায়ী, আজ সকাল ৯টা ৩০ মিনিটে তিনি রাজধানী ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ১০টা ৫৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর পরপরই তিনি সেখানে বিটিসিএল কর্তৃক স্থাপিত ‘ফ্রি ওয়াই-ফাই’ সেবা কার্যক্রমের গুণগত মান ও এর ব্যবহারিক সক্ষমতা সরজমিনে পরিদর্শন করবেন।
বেলা ১১টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে ‘সবার জন্য ইন্টারনেট’ শীর্ষক এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী। এরপর দুপুর ১২টা ৩০ মিনিটে কক্সবাজার সার্কিট হাউসে বিটিসিএল, টেলিটক, সাবমেরিন কেবল ও স্যাটেলাইট কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পর্যটন নগরীতে ৫জি কার্যক্রমের বাস্তবায়ন ও টেলিযোগাযোগের মান উন্নয়ন বিষয়ে বৈঠক করবেন।
বিকালে মন্ত্রী কক্সবাজারে অবস্থিত দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনা ‘সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন’ পরিদর্শন করবেন। এরপর বিকাল ৪টা ৩০ মিনিটে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে স্থাপিত বিটিসিএল-এর ফ্রি ওয়াই-ফাই সেবা কার্যক্রম পরিদর্শন ও রেলযাত্রীদের সাথে কথা বলবেন তিনি।
সফর শেষে আজ রাত ৭টা ৫০ মিনিটে মন্ত্রী ফকির মাহবুব আনাম বিমানযোগে পুনরায় ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে। মন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি খাতের এই নীতিনির্ধারকের সফরকে কেন্দ্র করে উপকূলীয় অঞ্চলে ডিজিটাল সেবার পরিধি আরও বিস্তৃত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।