কক্সবাজার সদর-রামু-ঈদগাঁওতে ধানের শীষ বিজয়ী হলে এবং বিএনপি ক্ষমতায় এলে ঈদগড়-ঈদগাঁও রোডের ডাকাত অপহরণকারীদের কঠোরভাবে দমন ও ভূমিহীনদের জমি বন্দোবস্তির উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কক্সবাজার-৩ (ঈদগাঁও -রামু - কক্সবাজার সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক এমপি লুৎফুর রহমান কাজল।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত রামুর ঈদগড় ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভাকালে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
লুৎফুর রহমান কাজল বলেন, ‘ফলে-ফসলে সমৃদ্ধ ঈদগড় ইউনিয়ন কক্সবাজারের ৩টি উপজেলা ও পার্বত্য বান্দরবান জেলার ২টি উপজেলার সংযোগস্থল হওয়ায় আন্ত:জেলা ডাকাত দলের সদস্যরা এই সুযোগ নিচ্ছে। কিন্তু আমি এমপি নির্বাচিত হলে এবং বিএনপি ক্ষমতায় এলে এসব ডাকাত অপহরণকারীদের কঠোরভাবে দমন-নির্মূল করবো। ঈদগড়ে হয় ডাকাত অপহরণকারী থাকবে নয় আমি থাকবো।'
তিনি ঈদগড়ের অন্যতম প্রধান সমস্যা ভূমিহীন উল্লেখ করে আরও বলেন, ঈদগড়ে শত শত ভূমিহীন পরিবার বসবাস করছে। এদের মৌলিক অধিকার বাস্তবায়নের জন্য জমি বন্দোবস্তির উদ্যোগ নেওয়া হবে। ধানের শীষের এই প্রার্থী আরও বলেন, আল্লাহ ঈদগড়ে বিশেষ আবহাওয়া, মাটি ও খনিজ সম্পদ দিয়েছেন। আর এ কারণে এখানকার উৎপাদিত ফসল যেমন ‘ঈদগইজ্জা বরই’ সারা দেশেই বিশেষ পরিচিত ও বিখ্যাত।
তিনি এমপি নির্বাচিত হলে ‘ঈদগইজ্জা বরই’কে ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্য ঘোষণার উদ্যোগ নেওয়া হবে জানান।
বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান কাজল আরও বলেন, প্রাকৃতিক সৌন্দর্য্যে সমৃদ্ধ ঈদগড়ে পরিবেশ বান্ধব পর্যটন বা ‘গ্রিণ ট্যুরিজমের’ সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি আরও নতুন নতুন সম্ভাবনার পথ খুঁজে বের করতে আমাদের সামষ্টিক প্রচেষ্টা থাকবে।
দিনব্যাপী এই কর্মসূচিতে তিনি ইউনিয়নের প্রতিটি গুরুত্বপূর্ণ এলাকা ও ওয়ার্ডে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় ঈদগড় ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ ইব্রাহীম বাবুল, সাধারণ সম্পাদক তৈয়ব উল্লাহ সিকদার, সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক, নুরুল আজম মাইজ্জাসহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷
পরে তিনি ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়াঘোনায় এবং সদরের ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া ও হাজীপাড়ায় আয়োজিত পৃথক পথসভায় বক্তব্য দেন এবং রামুর চাকমারকুল স্টেশনে ও শহরতলীর ঝিলংজা ইউনিয়নের হাজীপাড়ায় ধানের শীষ মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন করেন।
ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়াঘোনায় আয়োজিত পথসভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সহ সভাপতি মমতাজুল ইসলাম, ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, ঈদগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক, ঈদগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হাকিম প্রমূখ। এছাড়া ঝিলংজা ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে খরুলিয়া বাজারে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সহ সভাপতি রফিকুল হুদা চৌধুরী, বিএনপি নেতা গিয়াস উদ্দিন জিকু চেয়ারম্যান, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক মোস্তফা কামাল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিসান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আমির আলী, ঝিলংজা ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদ উল্লাহ ও সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হেফাজতে ইসলাম কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মৌলানা ইয়াছিন হাবীব ও জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রমূখ।
এসব পথসভা ও গণসংযোগে বিএনপি প্রার্থী লুৎফুর রহমান কাজল আগামী ১২ ফেব্রুয়ারি সব ভোটারকে ভোট কেন্দ্রে এসে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আহবান জানিয়ে বলেন, ‘সবার আগে বাংলাদেশ এবং তার জন্য দরকার ধানের শীষ’।