মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন-এ এবার ড্রোন হামলার দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনীর খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স জানিয়েছে, ওমান সাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরীটি তাদের ড্রোন হামলায় আঘাতপ্রাপ্ত হয়েছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সি গত বৃহস্পতিবার (৫ মার্চ) এ খবর জানায়।
সংস্থাটির মুখপাত্র বলেছেন, রণতরীটি ওমান সাগরে ইরানের সমুদ্রসীমা থেকে প্রায় ৩৪০ কিলোমিটার দূরে এসে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের চেষ্টা করছিল। তখন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর তথা আইআরজিসির নৌবাহিনীর ড্রোন হামলায় রণতরীটিকে লক্ষ্যবস্তু করা হয়।
ইরানের দাবি অনুযায়ী, হামলার পর রণতরীটি তার সঙ্গে থাকা ডেস্ট্রয়ারসহ দ্রুত এলাকা ছেড়ে চলে যায় এবং এখন ঘটনাস্থল থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে অবস্থান করছে।
এর আগে যুদ্ধের দ্বিতীয়দিন গত রোববার (১ মার্চ) আইআরজিসি জানায়, ‘অপারেশন ট্রু প্রমিস ৪’–এর অংশ হিসেবে ওই মার্কিন রণতরীকে লক্ষ্য করে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করা হয়েছে।
তবে একজন মার্কিন কর্মকর্তা দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরীতে আঘাত করেনি এবং জাহাজটি স্বাভাবিকভাবে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ওই কর্মকর্তা বলেন, ক্ষেপণাস্ত্রটি জাহাজ পর্যন্ত পৌঁছাতে পারেনি এবং এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
ইরান যুদ্ধ আজ শুক্রবার (৬ মার্চ) সপ্তম দিনে গড়িয়েছে। ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানে তীব্র বিমান হামলা অব্যাহত রেখেছে। পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরানও। এতে হতাহতের পাশাপাশি ক্ষয়ক্ষতি দ্রুত বাড়ছে।
ইরানের সামরিক বাহিনী বলছে, শত্রুর বিরুদ্ধে তাদের হামলা এখন নতুন ধাপে প্রবেশ করেছে এবং প্রয়োজন হলে স্থল ও সমুদ্র উভয় ক্ষেত্রেই প্রতিপক্ষের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে।