যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা চালাচ্ছে। এখন পর্যন্ত ইরানের অন্তত পাঁচটি শহরে হামলার খবর পাওয়া গেছে। সেখানে ব্যাপক বিস্ফোরণ হয়েছে। হামলার জবাব দেয়ার প্রস্তুতি নিচ্ছে তেহরান।
ইরানের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, হামলার পাল্টা প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে ইরান এবং তাদের জবাব হবে ‘অত্যন্ত কঠোর’।
এদিকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইরানের আকাশসীমা বন্ধ করে দেয়া হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
ইরানের সিভিল অ্যাভিয়েশন অরগানাইজেশনের মুখপাত্র মুখপাত্র মাজিদ আখভান মেহের নিউজ এজেন্সিকে বলেন, ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পুরো দেশের আকাশসীমা বন্ধ রাখা হয়েছে।’
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ইরানের কেরমানশাহ, লোরেস্তান, তাবরিজ, ইসফাহান এবং কারাজ শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, ইসফাহান, কোম, কারাজ এবং কেরমানশাহ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
সংবাদ সংস্থাটি আরও জানিয়েছে, ইরানের রাজধানী তেহরানের ইউনিভার্সিটি এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।