আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা যুব বিভাগের উদ্যোগে ১২ আগস্ট বিকেলে এক বর্ণাঢ্য যুব র্যালী বের করা হয়। র্যালীটি কক্সবাজার হাশেমিয়া আলিয়া মাদ্রাসা গেইট থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কক্সবাজার পাবলিক হল গেইটে শেষ হয়। র্যালীতে অংশগ্রহণকারীদের রং-বেরংয়ের টি শার্ট, জাতীয় পতাকা এবং তারুণ্য উদ্দীপনামূলক গানের পরিবেশন; শহরে ভিন্ন আমেজ সৃষ্টি করে। প্রধান সড়কের উভয় পাশে উৎসুক জনতার ভিড় ছিল লক্ষণীয়। র্যালী পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশ জেলা যুব বিভাগ সভাপতি মুহাম্মদ হেদায়াত উল্লাহর সভাপতিত্বে সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে র্যালী উদ্বোধন করেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সম্পদে-সৌন্দর্যে ভরপুর আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এদেশের প্রতি ইঞ্চি মাটিতে রয়েছে অপার সম্ভাবনা। যদি দেশে সৎ, যোগ্য ও খোদা ভীরু নেতৃত্ব এবং নৈতিকতা সম্পন্ন দেশপ্রেমিক তরুণ প্রজন্ম গড়ে তোলা যায়, তাহলে বাংলাদেশ হবে বিশ্বের মাঝে এক অনন্য দেশ। কিন্তু দুঃখজনক হলেও সত্য আজ আমাদের সকল সম্ভাবনা দুর্নীতি, সন্ত্রাস ও মাদকের ভয়াল থাবায় ক্ষতবিক্ষত। আমরা মনে করি সম্ভাবনাময় তারুণ্য শক্তিকে পরিকল্পিতভাবে দেশ গড়ার কাজে নিয়োজিত করলে বাংলাদেশ খুব কম সময়েই বিশ্বের মাঝে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হবে। এর জন্য প্রয়োজন তরুণ-যুবকদের নৈতিকতা ও দেশপ্রেমে উজ্জীবিত করে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে উপযোগী করে গড়ে তোলা। জামায়াতে ইসলামী সেই কাংখিত অবস্থান থেকে যুব সমাজের মাঝে কাজ চালিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, আজ ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস। এই দিবসটি বিশ্বব্যাপী যুবকদের নানা চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়, সেই আলোকে করণীয় নির্ধারণ করা হয়। আমরা আমাদের তরুণদের জাগিয়ে তোলার জন্য, ঐক্যবদ্ধ করার জন্য, তারুণ্য শক্তিকে দেশ গঠনের কাজে নিয়োজিত করার জন্য এই দিবসটি পালন করছি। আমি যুবক ভাইদের আহ্বান জানাচ্ছি ২৪-এর জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের অবসান যেভাবে হয়েছে, প্রয়োজনে আবারো আমরা সেভাবে আন্দোলন করে জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করবো। আমরা তরুণদের নেতৃত্বে হওয়া জুলাই অভ্যুত্থান কে ব্যর্থ হতে দিবো না। নৈতিকতা সম্পন্ন দেশপ্রেমিক তরুণ প্রজন্মের নেতৃত্বে একটি মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল, রামু উপজেলা সেক্রেটারি আ ন ম হারুন, সদর উপজেলা সেক্রেটারি আজিজুর রহমান, জেলা যুব ও ক্রীড়া কমিটির সদস্য কামরুল হাসান, সরওয়ার কামাল সিকদার, জাহিদুল ইসলাম নোমান, অ্যাডভোকেট দিদারুল মোস্তফা, ডা. কায়সার আমীন কায়েস প্রমুখ।