কুতুবদিয়া চৌকি আদালতে প্রশাসনিক ও জনস্বার্থে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলামকে আঞ্চলিক অধিক্ষেত্রের হলফনামা সম্পাদন পরিচালনা করার ক্ষমতা অর্পণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) থেকে এ কার্যক্রম চালুর নির্দেশনা প্রদান করা হয়েছে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কক্সবাজার প্রশাসনিক শাখা থেকে।
১৯৮৩ সালে উপজেলা প্রতিষ্ঠার ৩ দশক পর প্রথম দ্বীপের মানুষের গুরুত্বপূর্ণ সেবাটি পরিচালনার ক্ষমতা অর্পণে স্বস্তি মিলেছে।
কুতুবদিয়া চৌকি আদালতের তরুণ আইনজীবি এস এম ছাইফুল্লাহ খালেদ বলেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলামকে হলফনামা সম্পাদনের ক্ষমতা অর্পণ প্রত্যন্ত দ্বীপবাসির জন্য বড় নেয়ামত। জাতীয় পরিচয় পত্র, সনদে বিভিন্ন ভুল সংশোধনে জেলা সদরে যেতে হয়। সেটিও সপ্তাহে মাত্র একদিন। যা সেবা প্রার্থীদের যাতায়াত, সময়,আর্থিক ও ভোগান্তির সীমা থাকেনা। আদালতের বার, বেঞ্চ এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আন্তরিক প্রচেষ্টায় এখন থেকে হলফনামা সম্পাদনের ভোগান্তি লাঘব হল বলে তিনি মনে করেন।
কুতুবদিয়া চৌকি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলাম বলেন, সার্টিফিকেট বা মার্কশিট, এনআইডিতে নামের বানান ভুল সংশোধন কিংবা ধর্মান্তরিত হলে হলফনামা সম্পাদনে কক্সবাজার যেতে হত। এখন থেকে কুতুবদিয়া চৌকি আদালতে এগুলো সম্পাদন করা যাবে।