ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম বড় বাজেটের সায়েন্স ফিকশন সিনেমা 'কল্কি ২৮৯৮ এডি' আবারও আলোচনার কেন্দ্রে। এবার সিনেমার দৃশ্যপট নয়, আলোচনার বিষয় সুপারস্টার কমল হাসানের আকাশচুম্বী পারিশ্রমিক।
শোনা যাচ্ছে, সিনেমার প্রথম কিস্তিতে প্রভাস বা অমিতাভ বচ্চনকে ছাড়িয়ে সর্বোচ্চ পারিশ্রমিক নিয়ে রেকর্ড গড়েছেন এই কিংবদন্তি অভিনেতা। তিনি যে অংকের পারিশ্রমিক নিয়েছেন, তা তাকে স্থান দিয়েছে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের তালিকার শীর্ষে।
চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা যুগি সেতুর দাবি, ২০ দিনের শুটিং শিডিউলের কথা থাকলেও মাত্র ১০ দিন শুটিং করেছেন কমল হাসান। স্বল্প সময়েই পারিশ্রমিক হিসেবে নিয়েছেন ১৫০ কোটি রুপি। সেই হিসেবে অভিনেতার দিনপ্রতি পারিশ্রমিক দাঁড়ায় ১৫ কোটিতে!
সিনেমাটিতে এক শীর্ণ-জীর্ণ দৈত্যের মতো খলচরিত্রে হাজির হন কমল। পর্দায় তার উপস্থিতি খুব বেশি সময়ের না হলেও গল্পের জন্য চরিত্রটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
একই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। বিভিন্ন অ্যাকশন দৃশ্যেও দেখা গেছে তাকে। তবে পারিশ্রমিক হিসেবে তিনি পেয়েছেন ২০ কোটি রুপি। অর্থাৎ পারিশ্রমিকের অংকে অমিতাভ বচ্চনের চেয়েও কয়েক গুণ এগিয়ে কমল হাসান।
২০২৪ সালে মুক্তি পাওয়া 'কল্কি ২৮৯৮ এডি' মুক্তির পর বিজ্ঞান কল্পকাহিনিভিত্তিক সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। বর্তমানে চলছে সিনেমাটির দ্বিতীয় কিস্তির কাজ।