যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো।
হোয়াইট হাউসে বৃহস্পতিবার তিনি ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। রয়টার্সের এক প্রতিবদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
সাক্ষাৎ শেষে মাচাদো সাংবাদিকদের জানান, তিনি ট্রাম্পকে তার নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন।
ট্রাম্প এই পদক পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কৃতজ্ঞতা জানিয়েছেন।
এক পোস্টে তিনি জানান, ‘এই পুরস্কার পারস্পরিক শ্রদ্ধার চমৎকার নিদর্শন।’
তবে ট্রাম্প আদৌ সেটি গ্রহণ করেছেন কিনা, তা স্পষ্ট নয়। কারণ, নরওয়ের নোবেল ইনস্টিটিউট আগেই জানিয়েছে, নোবেল পুরস্কার হস্তান্তর, ভাগ বা প্রত্যাহার করা যায় না—অর্থাৎ সম্মানটি মাচাদোরই থাকবে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ও মাচাদোর সামনাসামনি প্রথম সাক্ষাৎ ছিল এটি। প্রায় এক ঘণ্টার মধ্যাহ্নভোজ বৈঠকের পর মাচাদো ক্যাপিটল হিলে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের একাধিক সিনেটরের সঙ্গে বৈঠক করেন।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, ট্রাম্প এই বৈঠকের অপেক্ষায় ছিলেন। তবে স্বল্পমেয়াদে দেশ পরিচালনার জন্য প্রয়োজনীয় সমর্থন মাচাদোর নেই বলে মনে করেন তিনি। মাচাদো বর্তমানে ভেনেজুয়েলার সরকারের বিভিন্ন পক্ষের সঙ্গে প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় রয়েছেন। দেশটির ভবিষ্যৎ শাসনব্যবস্থায় ভূমিকা নিশ্চিত করতে এ প্রতিযোগিতা চলছে।
চলতি মাসে ভেনেজুয়েলায় অভিযান চালিয়েছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে যুক্তরাষ্ট্র। এর ফলে দেশটিতে গণতান্ত্রিক রূপান্তরের আশা জেগেছে।
তবে ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি বলেন, মাচাদো সিনেটরদের জানিয়েছেন যে, দমন-পীড়নের পরিস্থিতি এখনো মাদুরোর সময়ের মতোই রয়ে গেছে। তিনি সম্ভাব্য নির্বাচনের বিষয়ে সন্দেহ প্রকাশ করেন।