কক্সবাজারের টেকনাফে অপহৃত ১২ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করেছে টেকনাফ স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫) সদস্যরা। এঘটনায় জড়িত থাকার অভিযোগে অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১৫ এর সহকারী পুলিশ সুপার ও পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক।
এসআরবি-১৫ সূত্রে জানা গেছে, কক্সবাজারের উখিয়া থানায় গত ১৪ অক্টোবর দায়ের করা একটি নিখোঁজ সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্রকে উদ্ধারে গোয়েন্দা তৎপরতা শুরু করে এসআরবি-১৫-এর একটি আভিযানিক দল।
এরই ধারাবাহিকতায় গত ১৬ অক্টোবর সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভা বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অপহৃত মাদ্রাসাছাত্র সাইমুল ইসলাম সিফাতকে (১২) অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। একই সময় অপহরণের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, টেকনাফের কচ্ছপিয়া এলাকার মৃত এজাহার মিয়ার ছেলে জাকির হোসেন (৩৫) এবং পানখালী এলাকার মৃত নুর আহমদের ছেলে ফরিদ আলম (২৮)। অভিযানকালে অপহরণে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন ও একটি স্মার্টফোনও আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।
এসআরবি-১৫ জানিয়েছে, উদ্ধার হওয়া ভিকটিম ও গ্রেফতার দুই আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।