চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের সিকদার পাড়ার বাসিন্দা, বর্ষিয়ান শিক্ষাবিদ মাস্টার গোলাম মহিউদ্দিন চৌধুরী আর নেই। সোমবার ১৯ অক্টোবর সন্ধ্যা ৭ টার দিকে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি--রাজেউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। বিশিষ্ট এই শিক্ষাবিদদের মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মাস্টার গোলাম মহিউদ্দিন চৌধুরী
মরহুম আলহাজ্ব খোরশেদ আহমদ চৌধুরীর প্রকাশ খোরশেদ মিয়ার ৫ম পুত্র। উচ্চ শিক্ষায় শিক্ষিত মাস্টার গোলাম মহিউদ্দিন চৌধুরী কর্মজীবনে চকরিয়ার ডুলাহাজারা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক, চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। মাস্টার গোলাম মহিউদ্দিন চৌধুরী মৃত্যুকালে স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যা সহ অসংখ্য, ছাত্র ছাত্রী, আত্মীয়স্বজন, গুনগ্রাহী রেখে যান। সবার কাছে তিনি সজ্জন, অমায়িক, সদা হাসি খুশি মুখ, প্রিয় শিক্ষক ও সাদা মনের মানুষ হিসাবে সুপরিচিত ছিলেন। মাস্টার গোলাম মহিউদ্দিন চৌধুরী দৈনিক কক্সবাজার পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম মোহাম্মদ নুরুল ইসলাম সহধর্মিণী মরহুমা মনোয়ারা ইসলামের ছোট ভাই।
সোমবার (১৯ অক্টোবর) রাত ১১ টায় চট্রগ্রামে মাস্টার গোলাম মহিউদ্দিন চৌধুরীর প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) জোহরের নামাজের পর চকরিয়া পৌরসভার লক্ষ্যারচর কাসিম আলী সিকদারপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাঁকে স্থানীয় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে মরহুমের ভাগিনা দৈনিক কক্সবাজার পত্রিকার পরিচালনা সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম জানিয়েছেন।