বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ বৃহস্পতিবার থেকেই কার্যকর হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, পদত্যাগের সঙ্গে সঙ্গে মিষ্টির সংসদীয় আসনটি শূন্য হয়ে গেছে।
বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদ ভবনের টানেলে জরুরি সংবাদ সম্মেলনে এসে এ তথ্য জানান স্পিকার।
তিনি বলেন, “বাংলাদেশ জাতীয় সংসদের মহিলা আসন-২৩ এর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ আজ আমার অফিসে এসে লিখিতভাবে পদত্যাগপত্র দিয়ে গিয়েছেন এবং সংবিধানের বিধান মোতাবেক পদত্যাগ করা মাত্র তার এই আসনটি শূন্য হয়ে গিয়েছে।
“আমরা এটি গেজেট করার জন্য পাঠিয়েছি। গেজেট আসার পরেই অবিলম্বে আমরা নির্বাচন কমিশনকেও জানিয়ে দেব এবং আজ থেকেই এই পদত্যাগপত্র কার্যকর হল।”
মিষ্টি পদত্যাগপত্রে কোনো কারণ বলা হয়েছে কি না?
জবাবে স্পিকার বলেন, “সংসদের বিধান হল এই যে এমপিরা যখন পদত্যাগ করেন, কোনো কারণ উল্লেখ করেন না।”
এর আগে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মিষ্টি পদত্যাগ করায় সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ মহিলা আসন-২৩ বৃহস্পতিবার থেকে শূন্য হয়েছে।
আসনটি পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন সচিবালয়কেও জানাতে বলা হয়েছে।