মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতদের ‘রক্তের প্রতিশোধ’ নিতে ইরান দ্বিধা করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতাবা খামেনি।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর প্রথমবার দেওয়া বার্তায় তিনি একথা বলেছেন।
মুজতাবা খামেনি বিশেষ করে ইরানের মিনাব শহরের মেয়েদের স্কুলটিতে হামলার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রতিশোধের বার্তা দিয়েছেন। ইসরায়েলের ওই হামলায় ১৬৮ জন নিহত হয়েছে, যার মধ্যে প্রায় ১১০ জনই শিশু।
হরমুজ প্রণালিতে নিশানা করে হামলা চালিয়ে যাওয়ার কথাও বলেছেন ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ‘বন্ধুত্বের’ নীতির কথা বললেও তাদের নিজ দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলো বন্ধ করার পরামর্শ দিয়েছেন। তার হুঁশিয়ারি, ইরান ওই ঘাঁটিগুলোকে নিশানা করে আক্রমণ চালিয়ে যাবে।
১৯৮৯ সালে ইরানের ইসলামি বিপ্লবের নেতা ও ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছিলেন আলি খামেনি। এরপর থেকে ৩৭ বছর ধরে তিনি ইরানের নেতৃত্ব দেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আলি খামেনি নিহত হন।
এরপর ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনিকে ইসলামি বিপ্লবের তৃতীয় নেতা হিসেবে নির্বাচিত করে।
মার্কিন সামরিক বিমানে তোলা হচ্ছে ‘বাংকার বুস্টার’ বোমা
ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যে যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে মার্কিন সামরিক বিমানে বাংকার বুস্টার বোমা বোঝাই করার দৃশ্য ধারণ করার কথা জানিয়েছে আল জাজিরা।
যুক্তরাষ্ট্রের মালিকানাধীন জাহাজে ইরানের হামলা
উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন জাহাজে বৃহস্পতিবার আইআরজিসি হামলা চালিয়েছে।
ইরানের ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, ইরাকি জলসীমার বসরার কাছে দুটি তেলবাহী ট্যাংকার হামলার শিকার হয়েছে। এর মধ্যে একটি ‘সেফসি বিষ্ণু’, যেটি যুক্তরাষ্ট্রের মালিকানাধীন এবং মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী।
ফারস নিউজ একটি ভিডিও শেয়ার করেছে। বলা হচ্ছে সেটি ‘সেফসি বিষ্ণু’ আক্রান্ত হওয়ার মুহূর্তের দৃশ্য। ভিডিওতে রাতে মাঝ সমুদ্রে একটি জাহাজে বিশাল বিস্ফোরণ ঘটতে দেখা যায়।
ভারতীয় কর্তৃপক্ষ এর আগে জানিয়েছিল, সেফসি বিষ্ণুতে একটি ‘বিস্ফোরকবাহী সাদা রঙের চালকহীন স্পিডবোট’ আঘাত করেছে। জাহাজটিতে সেটি ‘সজোরে ধাক্কা দেয়’ এবং তাতে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। এই ঘটনায় একজন নিহত হয়েছেন। বাকি ক্রু সদস্যদের উদ্ধার করা হয়েছে।
জাহাজটি আইআরজিসির সতর্কবার্তা ‘মানতে ব্যর্থ হয়েছিল’ বলে ফারস নিউজ জানিয়েছে।
ইরান ক্ষমা চাইবে, দাবি থাইল্যান্ডের
হরমুজ প্রণালিতে একটি থাই জাহাজে হামলার ঘটনায় ইরানের কাছে ক্ষমা প্রার্থনার দাবি করেছে থাইল্যান্ড।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রদূতের কাছে সেই ঘটনার প্রকৃত অবস্থা ও পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে।
বুধবার হরমুজ প্রণালিতে থাইল্যান্ডের পতাকাবাহী জাহাজে হামলার কথা জানায় ইরানের আইআরজিসি।
থাইল্যান্ডের তালিকাভুক্ত অপারেটর ‘প্রেশাস শিপিং’ এক বিবৃতিতে পরে বলে, ‘ময়ুরী নারী’ নামে সেই জাহাজটিতে দুটি বস্তু আঘাত হানে। তাতে ইঞ্জিন রুমে আগুন ধরে যায়, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ইরানের পারমাণবিক কর্মসূচির স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের
ইসরায়েলি সামরিক বাহিনী বৃহস্পতিবার দাবি করেছে, তারা গত কয়েক দিনে ইরানের পারমাণবিক কর্মসূচিতে ব্যবহৃতম ‘তালেগান’ নামের একটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।
তালেগান হলো পারচিন সামরিক কমপ্লেক্সের একটি স্থাপনা। এটি তেহরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুক্ত বলে পশ্চিমা কর্মকর্তারা মনে করেন।
ইরানের ভেতরে বাস্তুচ্যুত ৩২ লাখ মানুষ: জাতিসংঘ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) বৃহস্পতিবার জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের অভ্যন্তরে প্রায় ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
সংঘাত অব্যাহত থাকায় এই সংখ্যা আরো বাড়ার সম্ভাবনার কথা তুলে ধরে সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, “এটি মানবিক চাহিদার ক্ষেত্রে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে।”
বৈরুতে গাড়িতে ইসরায়েলি হামলায় নিহত ৭: লেবানন
লেবানন জানিয়েছে, রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলে সমুদ্রের তীরে একটি গাড়িতে ইসরায়েলি হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে।
হিজবুল্লাহ কয়েক ঘণ্টা ধরে ইসরায়েলে রকেট ও ড্রোন হামলা চালানোর পর বৈরুতে আঘাত হানে ইসরায়েলি বাহিনী।
লেবাননের স্থানীয় গণমাধ্যমে আসা ভিডিও ফুটেজে দেখা গেছে, হামলার পর বৈরুতের সাগর তীরের একটি রাস্তা থেকে ধোঁয়া উঠছে। হামলায় একটি গাড়িকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে। বৈরুতের রামলেট আল-বায়দা এলাকায় চালানো এ হামলায় আরও ২১ জন আহত হয়েছে।
ব্রেন্টের অপরিশোধিত তেলের দর ফের ১০০ ডলার ছাড়াল
পারস্য উপসাগরে তেলবাহী ট্যাংকারসহ বিভিন্ন জাহাজে ইরানের হামলার পর সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যে ব্রেন্টের অপরিশোধিত তেলের দর ফের ১০০ ডলার ছাড়িয়েছে।
আন্তর্জাতিক বাজারে তেলের দাম নির্ধারণের প্রধান মানদণ্ড (বেঞ্চমার্ক) ব্রেন্টের অপরিশোধিত তেলের ব্যারেল প্রতি মূল্য বৃহস্পতিবার ভোররাতে ১০০ ছাড়িয়ে যায়। মাত্র কয়েকদিন আগে এই দর ১২০ ডলারের কাছাকাছি পৌঁছে গিয়েছিল।
হরমুজ প্রণালির আশপাশে বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালিয়ে ইরান। এতে সরবরাহ নিয়ে সৃষ্ট উদ্বেগে তেলের দর ৯ শতাংশেরও বেশি বেড়েছে।
যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক অপরিশোধিত তেলের ব্যারেল প্রতি মূল্য প্রায় ৯৫ ডলারে দাঁড়িয়েছে।
প্রথম ৬ দিনের যুদ্ধের ব্যয় ১১৩০ কোটি ডলার: পেন্টাগন
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (পেন্টাগন) কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, ইরান যুদ্ধের প্রথম ছয় দিনে ১১৩০ কোটি ডলারেরও বেশি ব্যয় হয়েছে।
নিউ ইয়র্ক টাইমস ও এনবিসি নিউজ জানিয়েছে, মঙ্গলবার এক রুদ্ধদ্বার বিফ্রিংয়ে সামরিক কর্মকর্তারা মার্কিন আইনপ্রণেতাদের কাছে ব্যয়ের এই হিসাব তুলে ধরেন।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এই হিসাবে যুদ্ধের সঙ্গে সম্পর্কিত আরও কিছু ব্যয় ধরা হয়নি। যেমন, প্রথম হামলার আগে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যে সামরিক সরঞ্জাম ও সেনা সমাবেশ ঘটিয়েছে তার খরচ এতে অন্তর্ভুক্ত করা হয়নি।
এতে ব্যয়ের প্রকৃত পরিমাণ এই হিসাবের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।
সৌদি আরবের তেল স্থাপনার দিকে যাওয়া ড্রোন প্রতিহত
সৌদি আরব তাদের মরুভূমিতে থাকা শায়বাহ তেল স্থাপনার দিকে যাওয়া একটি ড্রোন প্রতিহতের কথা জানিয়েছে।
সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, তারা শায়বাহের দিকে যাওয়া ড্রোনটি ‘প্রতিহত ও ধ্বংস’ করে দিয়েছে।
ড্রোনটি কোন দিক থেকে ছোড়া হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি, বলেছে আল জাজিরা।
থাই জাহাজে হামলা, ব্যাংককে ইরানি রাষ্ট্রদূতকে তলব
হরমুজ প্রণালিতে থাইল্যান্ডের পতাকাবাহী জাহাজ মায়ুরি নারিতে বুধবারের হামলা বিষয়ে ‘তথ্য নিয়ে’ আলোচনা করতে ব্যাংকক থাইল্যান্ডে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে বলে জানিয়েছে থাই বার্তা সংস্থা। ওই হামলার পর থেকে তিন ক্রু নিখোঁজ, তারা নৌযানটির ইঞ্জিন কক্ষে আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইরাকের বন্দরে তেলবাহী ট্যাঙ্কারে হামলায় নিহত ১
ইরাকের সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, আল-ফাও বন্দরে দুটি বিদেশি তেলবাহী ট্যাঙ্কারের ওপর হামলার পর একজন ক্রু সদস্য নিহত হয়েছেন এবং আরও ৩৮ জনকে উদ্ধার করা হয়েছে।
লেফটেন্যান্ট জেনারেল সাদ মান ইরাক নিউজ এজেন্সিকে বলেন, “দুটি তেলবাহী ট্যাঙ্কার একটি কাপুরুষোচিত নাশকতামূলক হামলার শিকার হয়েছে।”
তিনি বলেন, “হামলাটি ইরাকের আঞ্চলিক জলসীমার ভেতরে ঘটেছে এবং এই হামলা ইরাকের সার্বভৌমত্বের লঙ্ঘন।”
তিনি এও বলেন, “ইরাক আইনি ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করে।”
আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে: ইরান
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত হামলার কারণে চলমান যুদ্ধ ‘শিগগিরই নতুন পর্যায়ে’ প্রবেশ করবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।
দেশটির নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা আল জাজিরার কাছে এ সতর্কবার্তা তুলে ধরেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, “আঞ্চলিক যুদ্ধ শিগগিরই নতুন এক পর্যায়ে প্রবেশ করবে। আমরা শুরু থেকেই বলেছি, যুক্তরাষ্ট্র যদি এমন ভুল করে, পরিস্থিতি আরও অনেক জটিল হয়ে উঠবে।
“শিগগিরই আরেকটি গুরুত্বপূর্ণ প্রণালির পরিণতিও হরমুজ প্রণালির মতো হবে।”
ওই প্রণালির নাম না জানিয়ে তিনি বলেন, “ইরানের নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন হচ্ছে। আমাদের হাতে এখনও খেলার মতো অনেক তাস বাকি রয়েছে।”