কক্সবাজার-টেকনাফ মহাসড়কের টেকনাফের ১৪ নম্বর সেতু এলাকায় চলন্ত একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনায় বিকাশের দুই কর্মীর কাছ থেকে ৫৭ লাখ টাকা লুট করেছে সশস্ত্র ডাকাতদল। এ সময় টাকা ছিনিয়ে নিতে বাধা দিলে আল আরমান (২৬) নামে এক কর্মীকে ছুরিকাঘাত করা হয়।
রোববার (২ আগস্ট) সকালে টেকনাফের দমদমিয়া এলাকার ১৪ নম্বর সেতুর আগে এ ঘটনা ঘটে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, সকালে ইউসিবি ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর বিকাশের তিনজন ডিস্ট্রিবিউশন সেলস অফিসার (ডিএসও) পালকি পরিবহনের একটি বাসে হ্নীলার উদ্দেশে রওনা দেন। পথে সড়কে গাছ ফেলে এবং পেরেক বসানো তক্তা রেখে বাসটির গতিরোধ করা হয়। বাস থামতেই ৮-৯ জনের একটি সশস্ত্র দল বাসে উঠে যাত্রীদের জিম্মি করে।
এ সময় আল আরমানের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিতে গেলে তিনি বাধা দেন। তখন ডাকাতেরা তার ডান বাহু ও পিঠে ছুরিকাঘাত করে ২২ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে অস্ত্রের মুখে অপর কর্মী একরাম হোসেনের (২৩) কাছ থেকে আরও ৩৫ লাখ টাকা লুট করে। সব মিলিয়ে ৫৭ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় ডাকাতেরা।
আহত আল আরমান টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়া এলাকার বাসিন্দা। একরাম হোসেন টেকনাফের সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকার বাসিন্দা।
আল আরমান বলেন, টাকার ব্যাগটি সিটের নিচে পা দিয়ে চেপে রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু ডাকাতেরা তাকে ছুরিকাঘাত করে এবং মাথায় অস্ত্র ঠেকিয়ে ব্যাগটি ছিনিয়ে নেয়।
বাসচালক ফয়েজুল করিম বলেন, সড়কে গাছ ফেলে ও পেরেক বসানো তক্তা রেখে পথ অবরোধ করা হয়েছিল। নিরুপায় হয়ে বাস থামানোর পর একজন ডাকাত তার মাথায় অস্ত্র ঠেকিয়ে রাখে। অন্যরা বাসে উঠে লুটপাট চালায়।
আহত আল আরমানকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুরাইয়া বলেন, তার বাহুতে ছুরিকাঘাতের ক্ষত রয়েছে। তবে আঘাত গুরুতর নয়।
বিকাশের ম্যানেজার আলী হোসাইন বলেন, সকালে ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর কর্মীরা হ্নীলার উদ্দেশে রওনা দিয়েছিলেন। পথেই তারা ডাকাতির শিকার হন।
বিকাশের ডিস্ট্রিবিউটর আব্দুল করিম বলেন, গত এক সপ্তাহ ধরে ওই সড়কে ডাকাতির ঘটনা ঘটছে। নিরাপত্তার জন্য কর্মীদের বড় বাসে চলাচলের নির্দেশ দেওয়া হলেও এ ঘটনা ঘটেছে। তাঁর ধারণা, বিকাশের কর্মীদের লক্ষ্য করেই হামলাটি চালানো হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাসটি জব্দ করা হয়েছে। চালক ও তার সহকারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। আহত বিকাশকর্মীসহ অন্য দুই কর্মীর সঙ্গেও কথা বলা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।