ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কক্সবাজারের মহেশখালীতে দিনভর নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিগুলোর মধ্যে হাসপাতালে রোগী দর্শন, উন্নত মানের খাবার বিতরণ, উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বড় মহেশখালীতে দলীয় আলোচনা সভা অন্যতম।
দিনব্যাপী এসব কর্মসূচিতে মূল আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।
উপজেলা হাসপাতালে রোগী দর্শন ও খাবার বিতরণ:
৭ই নভেম্বর দিবসের প্রথম প্রহরে সকালে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিদর্শনে যান সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। পরিদর্শনকালে তিনি হাসপাতালে চিকিৎসাধীন সাধারণ ও শিশু রোগীদের সার্বিক চিকিৎসার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরে তিনি রোগীদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করেন। সার্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে স্বাস্থ্যসেবার মান বজায় রাখার গুরুত্ব মনে করিয়ে দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি বিশেষ মনোযোগের আহ্বান জানান এমপি।
উপজেলা প্রশাসনের আলোচনা ও পুরস্কার বিতরণ:
সকাল ১০টায় মহেশখালী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়ার জন্য দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। একই সাথে দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।”
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট নুরুল আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল হক রানা, পৌর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক, মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সুলতান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দিদারুল আলম, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক কায়সার হামিদ মনির ও যুবদল নেতা আনোয়ার হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষকমণ্ডলী বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও জাতীয় জীবনের গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা করেন।
বড় মহেশখালীতে ইউনিয়ন বিএনপির সভা:
পরবর্তীতে বাদ মাগরিব বড় মহেশখালীস্থ উপজেলা বিএনপি কার্যালয়ে বড় মহেশখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বড় মহেশখালী ইউনিয়ন বিএনপির সভাপতি সাজেদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এতে অংশ নেন এমপি আলমগীর ফরিদ।
সভায় তিনি বলেন, “৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠা পেয়েছিল। শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সর্বস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।”
সভায় মহেশখালী পৌর বিএনপি নেতা অ্যাডভোকেট হামিদুল হকসহ স্থানীয় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।