মহেশখালী ও কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ (এমপি) গতকাল দিনভর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, পরীক্ষা কেন্দ্র পরিদর্শন এবং কুতুবজোমে ভুক্তভোগী একটি পরিবারের খোঁজখবর নিতে ব্যস্ত সময় পার করেছেন।
সকালে মহেশখালী উপজেলা সদরের 'মহেশখালী কলেজ' ও বড় মহেশখালীতে 'মহেশখালী সরকারি মহিলা কলেজ' কেন্দ্রে চলমান এইচএসসি পরীক্ষার হল পরিদর্শন করেন সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। পরিদর্শনকালে তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষার্থীদের খোঁজখবর নেন।
পরীক্ষার পরিবেশ সুশৃঙ্খল ও নকলমুক্ত রাখায় তিনি সন্তোষ প্রকাশ করেন। এ সময় তাঁর সাথে সংশ্লিষ্ট দুই পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব, সরকারের নিয়োজিত বিশেষ পরিদর্শক দল, কলেজের সম্মানিত অধ্যক্ষবৃন্দ এবং হল ডিউটিতে নিয়োজিত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে বিকেলে সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ সরাসরি ছুটে যান কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙা এলাকায়। সম্প্রতি ঘটিভাঙায় এক কলেজ ছাত্রীর সাথে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ও চাঞ্চল্যকর ঘটনার প্রকৃত সত্যতা ও বিস্তারিত তথ্য জানতে তিনি নিজে ভুক্তভোগী ছাত্রীর বাড়িতে উপস্থিত হন।
এমপি আলমগীর ফরিদ ভুক্তভোগী পরিবারটির সাথে দীর্ঘক্ষণ কথা বলেন এবং তাদের সান্ত্বনা ও সাহস জোগান। এ সময় ঘটনার শিকার ওই কলেজ ছাত্রীর মা পুরো ঘটনার আদ্যোপান্ত ও বিস্তারিত বিবরণ এমপির কাছে অশ্রুসিক্ত চোখে উপস্থাপন করেন। ভুক্তভোগী পরিবারের বক্তব্য গভীর মনোযোগ সহকারে শোনার পর সংসদ সদস্য অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এবং এই কঠিন সময়ে পরিবারটির পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় মহেশখালী থানা পুলিশের কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।