সংসদ অধিবেশনসহ রাষ্ট্রীয় কাজে দীর্ঘদিন রাজধানী ঢাকায় অবস্থানের পর নিজ নির্বাচনী এলাকায় ফিরেই সাধারণ মানুষের মুখোমুখি হয়েছেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। গতকাল মঙ্গলবার (১২ মে) মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নে স্থানীয় জনগণের অভাব-অভিযোগ ও সমস্যা শুনতে এক জনশুনানির আয়োজন করেন তিনি।
এদিন সকালে এমপি আলমগীর ফরিদ হোয়ানক ইউনিয়নে পৌঁছালে স্থানীয় জনসাধারণ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে আয়োজিত জনশুনানিতে হোয়ানক ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
জনশুনানিতে সাধারণ মানুষ এলাকার রাস্তাঘাট, পানীয় জলের সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ দৈনন্দিন বিভিন্ন স্থানীয় সমস্যা ও অভাব-অভিযোগ সরাসরি তাদের এমপির কাছে তুলে ধরেন। সংসদ সদস্য অত্যন্ত মনোযোগ সহকারে জনগণের এসব অভিমত ও সমস্যার কথা শোনেন। এসময় তিনি কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন এবং অন্যান্য বড় সমস্যাগুলো পর্যায়ক্রমে দ্রুত সমাধানের আশ্বাস দেন।
দীর্ঘদিন পর সংসদ সদস্যকে নিজেদের কাছে পেয়ে এবং সরাসরি নিজেদের সুবিধা-অসুবিধার কথা জানাতে পেরে সন্তোষ প্রকাশ করেন হোয়ানক ইউনিয়নের সাধারণ মানুষ।
এ সময় এমপি আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বলেন, "জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমি সব সময় আপনাদের কল্যাণে কাজ করার চেষ্টা করছি। এলাকার উন্নয়ন ও যেকোনো প্রয়োজনে আমি অতীতের মতোই আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ।"
জনশুনানিতে সংসদ সদস্যের সফরসঙ্গী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।