সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রমে অংশ নিয়ে সারাদিন ব্যস্ত সময় পার করলেন কক্সবাজার -৩ ( সদর, রামু, ঈদগাঁও ) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
মঙ্গলবার ( ১৬ জুন ) সকাল ১১ টায় তিনি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র, কক্সবাজার-এর উদ্যোগে "বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও গবেষণা প্রস্তাবনা চূড়ান্তকরণ" শীর্ষক আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, 'আমাদের বিশাল সমুদ্রসীমার নীল অর্থনীতিকে সমৃদ্ধ করতে হলে আধুনিক ও টেকসই প্রযুক্তির প্রসারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বিশেষ করে খাঁচায় মাছ চাষ, সামুদ্রিক শৈবাল (সী-উইড) চাষ এবং কাঁকড়া মোটাতাজাকরণের মতো সম্ভাবনাময় খাতগুলোকে উপকূলীয় অঞ্চলের মৎস্যচাষী ও সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে যেসব আধুনিক প্রযুক্তি উদ্ভাবন করছেন, তা যেন মাঠপর্যায়ে দ্রুত সম্প্রসারিত হয়- সেদিকে সংশ্লিষ্ট সবাইকে নজর দিতে হবে।'
এরপর তিনি দুপুর ১২ টায় এলজিইডির অর্থায়নে নয়না খাতুবার গেইট মশররফ আলী সড়ক ও আলিয়া পাড়া স্কুল সড়ক ও পশ্চিম পাড়া ভায়া কোনার পাড়া সড়ক উন্নয়নে শউদ্বোধন করেন। এসময় তিনি এলাকার মানুষের সাথে কথা বলেন এবং এলাকার সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন।
এমপি লুৎফুর রহমান কাজল পরে চৌফলদন্ডী মাছ বাজার উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি'র বক্তব্যে রাখেন।
এসময় তিনি বলেন, 'বাজারের জন্য নির্দিষ্ট জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে ; সড়কের উপরে কেউ বাজার বসাবেন না। মাদকের ভয়াবহতা বেড়ে যাচ্ছে উল্লেখ করে এমপি বলেন, হাত বাড়ালেই এখন মাদক মিলছে; মাদকের সকলকে সোচ্চার হতে হবে। পাড়ায়-মহল্লায় জনমত সৃষ্টি করতে হবে। যেখানে মাদকের অবস্থান পাবেন ; সেখানে প্রশাসনকে তথ্য দিয়ে, তাঁদের সহযোগিতা করবেন। কেউ নিজের হাতে আইন তুলে নিবেন না।'