কক্সবাজারে একাধিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে মঙ্গলবার (১১ মার্চ) ব্যস্ত সময় পার করেছেন কক্সবাজার-৩ আসনের সংসদ-সদস্য আলহাজ লুৎফুর রহমান কাজল।
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে হতদরিদ্র ১১০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় খুরুশকুল ইউনিয়ন পরিষদ মাঠে স্বেচ্ছাসেবী সংস্থা 'স্বদেশ'-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, 'রমজান মাস হলো ইবাদতের বসন্তকাল এবং সওয়াব অর্জনের সেরা সময়। এ মাসে প্রতিটি নেক কাজের সওয়াব আল্লাহ বহুগুণ বৃদ্ধি করে দেন। রমজানে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারাটা অনেক সৌভাগ্যের। এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা, মানবিকতা ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে।'
বিতরণকৃত ইফতার সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল- ৮ কেজি চাল, ২ কেজি আটা, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি ছোলা, ২ কেজি মুড়ি, ২ কেজি পেঁয়াজ, ৫ কেজি আলু এবং ২ কেজি লবণ।
এরপর বেলা ১১টার দিকে রামু উপজেলা চত্বরে সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। তিনি নিজ হাতে অসহায় পরিবারের মাঝে এসব সামগ্রী তুলে দেন। পরে তিনি রামু উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
সভায় মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ, চাঁদাবাজি বন্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, কৃষি জমির মাটি কাটা, পাহাড় কাটা বন্ধ করা, সড়কের যানজট নিরসন ও নিরাপত্তা বজায় রাখা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং জোরদার করা এবং পুলিশের গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।