বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের আলীকদমে নতুন একটি অস্থায়ী ঘাঁটি-টিওবি (ট্যাকটিক্যাল অপারেটিং বেস) উদ্বোধন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের সীমান্তবর্তী ‘ছোট আগলা’ এলাকায় নবনির্মিত টিওবিটির উদ্বোধন করেন বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী সামশের উদ্দীন।
উদ্বোধন শেষে রিজিয়ন কমান্ডার টিওবির বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এ সময় সেখানে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) জানায়, সীমান্তে নজরদারি বাড়ানো, চোরাচালান দমন, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, অপারেশনাল কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা এবং স্থানীয় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ‘ছোট আগলা’ এলাকায় টিওবিটি স্থাপন করা হয়েছে।
বিজিবি জানায়, এ এলাকায় বিদ্যমান বিওপিগুলো সীমান্ত থেকে তুলনামূলক দূরে হওয়ায় সীমান্তে আধিপত্য বজায় রাখা, চোরাচালান প্রতিরোধ ও অন্যান্য আভিযানিক কার্যক্রম পরিচালনায় নানা ধরনের চ্যালেঞ্জ ছিল। সীমান্তের কাছাকাছি নতুন টিওবি স্থাপনের ফলে এসব চ্যালেঞ্জ অনেকটাই কমে আসবে। রিজিয়ন সদর দফতর কক্সবাজার ও সেক্টর সদর দফতর রামুর দিকনির্দেশনায় রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) দ্রুততার সঙ্গে টিওবিটির নির্মাণকাজ সম্পন্ন করে।
বিজিবির দাবি, নতুন এই টিওবির মাধ্যমে সীমান্তে নজরদারি আরও কার্যকর ও গতিশীল হবে। পাশাপাশি চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধসহ সীমান্ত সুরক্ষায় বিজিবির কার্যক্রম আরও জোরদার হবে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও নিরাপত্তাবোধ ও আস্থা বাড়বে বলে আশা করছে বিজিবি।
অনুষ্ঠানে বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার-উল-আলম, কক্সবাজার রিজিয়নের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মফিজুর রহমান ভূঁইয়া, রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদীসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।