উখিয়ায় ভারী বর্ষণের ফলে মাটির ঘরের দেয়াল ধসের ঘটনায় চাপা পড়ে মোহাম্মদ মালেক (৪০) নামে এক ব্যক্তির প্রাণহানি হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ৩টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জামবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দিকে গত সোমবার রাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পৃথক তিনটি পাহাড় ধসের ঘটনায় নারী শিশু সহ আরো ৮ জন রোহিঙ্গার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় গ্রামবাসীরা জানান, জামবাগান এলাকার মো. এখেলাসের বাড়িতে দুপুরে খাবার খাওয়ার সময় অতিবৃষ্টির কারণে মাটির একটি দেয়াল হঠাৎ ধসে পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়েন মালেক। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'টানা ভারী বর্ষণের কারণে ঘরের মাটির দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোহাম্মদ মালেক গুরুতর আহত হয়ে হাসপাতালে মারা যান।'
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়েছে। চলমান ভারী বর্ষণের কারণে কাঁচা ও ঝুঁকিপূর্ণ ঘরে বসবাসকারীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।'
উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার জানান, কয়েকদিনের টানা বর্ষণে উখিয়াসহ বিভিন্ন এলাকায় পাহাড়ধস ও দেয়াল ধসের ঝুঁকি বেড়েছে। প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ কাঁচা ঘর, পাহাড়ের পাদদেশ ও ঢালু এলাকায় বসবাসকারীদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।