কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে ভিন্ন এক আবহ। প্রীতি ফুটবল ম্যাচ ঘিরে হাজারো মানুষের উচ্ছ্বাস-আর সেই উচ্ছ্বাসকে বহুগুণ বাড়িয়ে দেন জার্মানির বিশ্বকাপজয়ী দলের সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল। মধুরছড়া শিবিরের ছোট্ট মাঠে নেমে গোলও করেন তিনি।
বিকেল উখিয়ার মধুরছড়া আশ্রয়শিবির। বড় মাঠে চলছে প্রীতি ফুটবল ম্যাচ। মাঠের চারপাশে কয়েক হাজার দর্শক। উত্তেজনায় টগবগ করছে পরিবেশ। হঠাৎই আকাশি নীল জার্সি পরে মাঠে নামলেন একজন। আর সঙ্গে সঙ্গেই প্রকম্পিত পুরো মাঠ- “ওজিল! ওজিল!” ধ্বনিতে মুখর চারদিক।
রোহিঙ্গা আশ্রয়শিবিরের এই প্রীতি ম্যাচে মাঠে নেমে সবাইকে উচ্ছ্বাসে মাতালেন জার্মানির বিশ্বকাপজয়ী দলের সাবেক এই তারকা। কিছু সময়ের জন্য রোহিঙ্গা তরুণ ফুটবল খেলোয়াড়দের সঙ্গে খেলেন তিনি। প্রিয় তারকাকে সামনে পেয়ে অনেকেই খেলা ফেলে জড়িয়ে ধরেন। মুঠোফোনে সেলফি তুলতেও ভোলেননি কেউ কেউ।
রোহিঙ্গা তরুণ ইব্রাহীম বলেন, ওজিলের সঙ্গে হাত মেলানোর পর জড়িয়ে ধরে। এরপর ছবি তুলেছি। তারপর ওজিলের সঙ্গে ফুটবল খেলেছি খুবই বেশি ভালো লেগেছে।
আরেক রোহিঙ্গা তরুণ ফুটবলার আব্দুল হালিম বলেন, বিশে^র মধ্যে তারকা খেলোয়াড় হচ্ছে ওজিল। ক্যাম্পে ওজিলের সঙ্গে দেখা হবে, রোহিঙ্গারা ফুটবল খেলবে এটা স্বপ্নও ভাবেনি। ওজিল ফুটবল খেলার পাশাপাশি আমাদের সঙ্গে ছবি তুলেছে। সবচেয়ে বেশি খুশি লেগেছে ওজিল নিজে গোল করেছে এটা।
বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার শহর থেকে সড়কপথে উখিয়ার শিবিরে আসেন ওজিল। তাঁর সঙ্গে ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান-এর ছেলে বিলাল এরদোয়ান। পরিদর্শনের ফাঁকে তাঁরা মধুরছড়া খেলার মাঠে আরাকান রোহিঙ্গা ফুটবল ফেডারেশন আয়োজিত প্রীতি ম্যাচ উপভোগ করেন।
মাঠে নেমে বল পায়ে নিয়ে সরাসরি গোলপোস্টের দিকে ছুটে যান ওজিল। কয়েকজন খেলোয়াড় ঘিরে ধরলেও থামানো যায়নি তাঁকে। লক্ষ্যভেদী শটে বল জড়িয়ে যায় জালে। গোলের আনন্দে আবারও ফেটে পড়ে পুরো মাঠ।
খেলা শেষে বিজয়ী দলের অধিনায়কের হাতে বিশ্বকাপের আদলে তৈরি ট্রফি তুলে দিন ওজিল।
ম্যাচ শেষে মেসুত ওজিল বলেন-“রোহিঙ্গা ক্যাম্পে এসে খুবই আনন্দিত। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি।”
রোহিঙ্গাদের এই প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) ও অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমানসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা। তুর্কি সরকারের সহযোগী সংস্থা ‘টার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সি’ (টিকা) আশ্রয়শিবিরে ২০১৭ সালের পর রোহিঙ্গাদের স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন মানবিক সেবা দিয়ে আসছে। আজকের ফুটবল প্রীতি ম্যাচেরও আয়োজন করে টিকা।
আরআরআরসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আশ্রয়শিবিরে রোহিঙ্গাদের প্রীতি ফুটবল ম্যাচটি মেসুত ওজিলের কারণে জমজমাট ছিল। ওজিলকে কাছে পেয়ে রোহিঙ্গারা মহাখুশি।
রোহিঙ্গা শিবিরের ছোট্ট মাঠে বিশ্বকাপজয়ী তারকার উপস্থিতি-এক দিনের জন্য হলেও এনে দিল বিশ্ব ফুটবলের ছোঁয়া।
উল্লেখ্য, রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের সাবেক ফুটবলার মেসুত ওজিল ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের শিরোপাজয়ী জার্মানি দলের সদস্য ছিলেন। ২০১৮ সালে জাতীয় দলকে বিদায় বলে দেন তিনি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ওজিল খেলেছেন ৬৪৫ ম্যাচ, গোল করেছেন ১১৪টি।