নিউইয়র্কে সোথবিসের নিলামে পেলের একটি জার্সি ৪.৯ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬০ কোটি টাকা। পেলে ওই জার্সিটি পরে ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনাল খেলেছিলেন।
মোট ১০টি বিড এবং পাঁচজনেরও বেশি দরদাতার অংশগ্রহণে অনুষ্ঠিত নিলামে পেলের পরা এই জার্সিটি তার স্মারক সামগ্রীর মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া বস্তু হয়ে উঠেছে। ২০০৪ সালে এই জার্সিটি বিক্রি হয়েছিল ১ লাখ মার্কিন ডলারে।
পেলের এই জার্সিটি এখন পর্যন্ত নিলামে বিক্রি হওয়া বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মূল্যের ফুটবল জার্সি। এর চেয়ে বেশি দামে বিক্রি হয়েছে কেবল দিয়েগো ম্যারাডোনার সেই বিখ্যাত আর্জেন্টিনা জার্সি, যা তিনি ১৯৮৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ‘হ্যান্ড অব গড’ গোল করার সময় পরেছিলেন। সেটি ২০২২ সালে ১০.৬ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল।
১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালে মাত্র ১৭ বছর বয়সে পেলে স্বাগতিক সুইডেনের বিপক্ষে দুটি গোল করেছিলেন এবং ব্রাজিলকে প্রথমবারের মতো বিশ্বকাপ জিততে সাহায্য করেছিলেন। এটি ছিল তার তিনটি বিশ্বকাপ শিরোপার প্রথমটি। এখনও পর্যন্ত বিশ্বকাপ ফাইনালে গোল করা সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ডও পেলের দখলেই রয়েছে।
সোথবিসের ক্রীড়া কৌশল ও উন্নয়ন বিভাগের প্রধান ব্রেনডান হকস বলেন, ‘আজকের এই ফলাফল সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের অমর উত্তরাধিকারের শক্তিশালী প্রমাণ। এই জার্সিটি শুধু ফুটবল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্তের স্মারক নয়, বরং সেই মুহূর্তের সঙ্গে সরাসরি যুক্ত, যেখান থেকে পেলে বিশ্বব্যাপী ক্রীড়া আইকনে পরিণত হয়েছিলেন।’