কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেছেন, আগামী প্রজন্মের জন্য সুন্দর ও বাসযোগ্য দেশ গড়তে হলে বেশি বেশী বৃক্ষ রোপন করতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষ রোপনের কোন বিকল্প নেই। এ জন্য সরকারের প্রধান মন্ত্রী তারেক রহমান ঘোষিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে চলতি বর্ষা মৌসুমে ব্যাপক আকারে চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হচ্ছে।
বৃহষ্পতিবার (৩০ জুলাই) সকালে সাড়ে দশটায় রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের একে আজাদ উচ্চ বিদ্যালয়ে প্রধানমন্ত্রী'র ঘোষিত বৃক্ষ রোপন কর্মসূচির ধারাবাহিকতায় শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও বিভিন্ন প্রজাতির চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় তিনি শিক্ষার্থীদের হাতে একটি করে গাছের চারা তুলে দেন এবং নিজ নিজ বাড়ি শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে গাছ লাগিয়ে পরিচর্যা করার আহ্বান জানান।
একে আজাদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান আবু বক্কর ছিদ্দিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রামু উপজেলা বিএনপির সভাপতি মোকতার আহমদ, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল আলম, ইউনিয়ন বিএনপির সভাপতি লিয়াকাত আলী খান, সাধারণ সম্পাদক আবছার কামাল, কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আনসারুল হক, সাবেক ইউপি সদস্য মোজাহের আহমদ, দক্ষিন মিঠাছড়ি ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুল্লাহ ভূট্টো, দক্ষিন মিঠাছড়ি ইউনিয়ন ছাত্রদল সভাপতি সাইফুল ইসলাম।
সিনিয়র শিক্ষক শামশাদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা,ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল জানান- নির্বাচনী এলাকা রামু ও ঈদগাঁও উপজেলার বিভিন্ন স্কুলে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের হাতে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করবেন এমপি লুৎফুর রহমান কাজল। এমপির দাপ্তরিক সূত্র জানিয়েছে, মাসব্যাপী প্রধানমন্ত্রী'র ঘোষিত বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় কক্সবাজার, রামু ও ঈদগাঁও-এ অন্তত ৩০-৫০ স্কুল ও সড়কের আশেপাশে লাগানোর জন্য ৫ লাখ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।