লামা প্রতিনিধি
লামা-আলীকদম সড়কে বাসচাপায় সাজু চক্রবর্তী (৩৫) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি আলীকদম থানায় কর্মরত ছিলেন।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে বান্দরবানের আলীকদম উপজেলার লামা- আলীকদম সড়কের শিবাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজু চক্রবর্তী কক্সবাজার জেলার বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাজু চক্রবর্তী কক্সবাজার থেকে মোটরসাইকেল চালিয়ে নিজের কর্মস্থল আলীকদম থানায় ফিরছিলেন। পথে লামা-আলীকদম সড়কের শিবাতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি আটক করে পুলিশ।
বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আলীকদমে সড়ক দুর্ঘটনায় একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।