কক্সবাজারে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ কার্যক্রমের আওতায় ‘কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ (প্রাক-বৃত্তিমূলক পর্যায়)’ কোর্সের উদ্বোধন করা হয়েছে। ছয় মাস মেয়াদি এ প্রশিক্ষণ কর্মসূচিতে চারটি বিভাগে অংশ নিচ্ছেন ৮০ জন প্রশিক্ষণার্থী।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, কক্সবাজারের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ কোর্সের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। তিনি বলেন, চাকরির পেছনে না ঘুরে একজন সফল উদ্যোক্তা হয়ে নিজের উদ্যোগে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব। আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার কারিগরি শিক্ষার ওপর বেশি গুরুত্ব দিচ্ছে।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ সফলভাবে শেষ করে স্বাবলম্বী হতে হবে। একই সঙ্গে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার চেষ্টা করতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খানসহ শিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এ প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের কার্যকর সাক্ষরতা অর্জনের পাশাপাশি ব্যবহারিক কর্মদক্ষতা বাড়ানো এবং প্রাক-বৃত্তিমূলক শিক্ষার সুযোগ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রশিক্ষণার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং ভবিষ্যতে কর্মমুখী শিক্ষার সুযোগ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।