উখিয়া টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর তারেক রহমানের ঘোষণায় অগ্রাধিকার ভিত্তিতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন হলে বাংলাদেশে সবুজ বিপ্লব সৃষ্টি হবে। এতে করে প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ুর সহনশীলতা, আগামী প্রজন্মের জন্য পৃথিবীকে নিরাপদ ও বাসযোগ্য করে গড়ে তোলা সহ হারিয়ে যাওয়া বনজ সম্পদ সমৃদ্ধ ও বংশ বিস্তার সম্ভব হবে।
গতকাল উখিয়াার ইনানী রেঞ্জ এর অধীনে জালিয়া পালং বন বিটের জুম্মাপাড়া বনাঞ্চলে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী এমপি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন উখিয়া ও টেকনাফ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সহকারী বন সংরক্ষক মনিরুল ইসলাম, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সহকারী বন সংরক্ষক ও উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো: শাহিনুর ইসলাম, উখিয়া বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, ইনানী রেঞ্জ কর্মকর্তা মো: শাফিউল ইসলাম, জালিয়া পালং ইউপি সাবেক চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, জালিয়াপালং বিট কর্মকর্তা মো: রোকনুজ্জামান রোকন ও দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা শাহিনুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপনের অংশ হিসেবে উখিয়া টেকনাফের বনাঞ্চলে এ বছর প্রায় ২৮ লক্ষ চারা রোপণ করা হয়েছে। এর মধ্যে উখিয়া উপজেলায় (উখিয়া রেঞ্জ, ইনানি রেঞ্জ,পাগলিরবিল বিট, মনখালি বিট) প্রায় সাড়ে ১৩ লাখ চারা রোপণ করা হয়েছে। ওই কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন ও বৃক্ষরোপনে অংশগ্রহণ করেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
এ সময় সংসদ সদস্য চারাসমূহকে যত্ন ও পরিচর্যার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে এগিয়ে আসার আহবান জানান। চারা গাছ যেন গরু, ছাগল ও মহিষে নষ্ট না করতে পারে সেজন্য সকলকে এগিয়ে আসতে বলেন এবং সবার প্রতি বন বিভাগকে সহযোগিতা করার আহবান জানান।