মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোহাম্মদ ছরওয়ার আলম গতকাল কক্সবাজার সরকারি কলেজ পরিদর্শন করেছেন। দিনব্যাপী নানামুখী ও উৎসবমুখর কার্যক্রমের মধ্য দিয়ে তাঁর এই গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক পরিদর্শন স¤পন্ন হয়।
সকাল ১০ টায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ক্যাম্পাসে এসে পৌঁছালে কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসনাত মোঃ মফিজুল হক তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান ও উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করেন এবং লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়।
এসময় কলেজের বিএনসিসি (সেনা শাখা)’র একটি চৌকস ক্যাডেট দল গার্ড অব অনার প্রদান করেন। এরপর তিনি একটি স্মারক বৃক্ষ রোপন করেন।
সকাল ১১ টায় তিনি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এর অংশ হিসেবে প্রথমে তিনি শুধু শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং তাদের কাছে বিভিন্ন সমস্যার কথা জানতে চান। সমস্যা চিহ্নিত করে পরবর্তীতে কলেজ প্রশাসন ও শিক্ষার্থীদের সাথে যৌথভাবে মতবিনিময় করেন। এসময় তিনি শিক্ষার্থীদের শিক্ষা সংক্রান্ত দিকনির্দেশনা প্রদান করেন এবং তাদের সমস্যাসমূহ সমাধানের জন্য কলেজ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
দুপুর ১২ টা ৩০ মিনিটে শিক্ষক পরিষদ সভাকক্ষে অধ্যক্ষ প্রফেসর আবুল হাসনাত মোঃ মফিজুল হক এর সভাপতিত্বে কলেজের শিক্ষকমন্ডলীর সাথে মতবিনিময় সভায় অংশ নেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোহাম্মদ ছরওয়ার আলম।
তিনি শিক্ষকদের সমস্যা সম্পর্কে শুনতে চান, পাশাপাশি শিক্ষকদের শিক্ষার্থীদের সমস্যাসমূহ তুলে ধরেন এবং তা নিয়ে ফলপ্রসু আলোচনা করেন। তিনি বলেন, 'যে কোনো পর্যায়ের সেবা প্রার্থীর জন্য চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ শাখার প্রবেশদ্বার সবসময় উন্মুক্ত। বোর্ডে না এসে কিংবা মাত্র একবার এসেই যেন সেবা প্রার্থীরা তাদের কাজ স¤পন্ন করতে পারেন, আমরা এখন সেই লক্ষ্যে কাজ করছি। দীর্ঘসূত্রতা ও আমলাতান্ত্রিক জটিলতা দূর করে দ্রুততম সময়ে সেবা নিশ্চিত করা হচ্ছে।'
তিনি আরও দৃঢ়তার সাথে ব্যক্ত করেন, 'আমার শাখায় কোনো ধরনের অনিয়ম কিংবা সেবা গ্রহীতাদের হয়রানি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। কাজের স্বচ্ছতা রক্ষার্থে যেকোনো প্রয়োজনে শিক্ষক ও শিক্ষার্থীরা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন।'
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ মুসলেহ উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে কলেজ পরিদর্শকের দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, 'প্রফেসর ড. মোহাম্মদ ছরওয়ার আলম মহোদয় কলেজ পরিদর্শক পদে যোগদানের প্রথম মাসেই তাঁর সততা, কর্মনিষ্ঠা ও আধুনিক চিন্তাধারার মাধ্যমে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ শাখার সামগ্রিক কার্যক্রমে এক যুগান্তকারী ও ইতিবাচক পরিবর্তন এনেছেন। তাঁর এই সংস্কারমুখী উদ্যোগ বোর্ডের সেবা প্রদান প্রক্রিয়াকে সাধারণের জন্য অনেক সহজ ও গতিশীল করেছে।'
এতে আরো বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ অহিদুল ইসলাম, শিক্ষক পরিষদ সম্পাদক মুহাম্মদ উল্লাহ। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজ পরিদর্শন কার্যক্রম বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান কাজী আবুল কাসেম। এসময় সকল বিভাগের বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সভা শেষে কলেজের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথির নিকট অধ্যক্ষ কর্তৃক সম্মাননা স্মারক হস্তান্তর করা হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম। পরে কলেজ পরিদর্শক মহোদয় কক্সবাজার সরকারি কলেজের সামগ্রিক একাডেমিক ও প্রশাসনিক কর্মকান্ড খতিয়ে দেখেন। এসময় তিনি কলেজের কেন্দ্রীয় গ্রন্থাগার, বিভিন্ন ভবনের শ্রেণিকক্ষ, ওয়াশরুম, ছাত্রাবাস ও ছাত্রীনিবাসসমূহ সরেজমিনে পরিদর্শন করেন এবং বিদ্যমান সমস্যাসমূহ সমাধানের জন্য অধ্যক্ষকে অনুরোধ করলে অধ্যক্ষ উক্ত সমস্যাসমূহ সমাধান পূর্বক অবহিত করবেন বলে আশ্বস্ত করেন।
পরে বিকাল ৪ টায় কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে বিদায়ী শুভেচ্ছা জানানো হয় এবং কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন।