কক্সবাজার পৌরসভার বাহারছড়া বাজারে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশ রোধে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয়।
সোমবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ।
অভিযানকালে বাজারের তিনটি মুদির দোকানে মেয়াদোত্তীর্ণ আটা, ময়দা, আচার এবং নকল পুষ্টি সয়াবিন তেল পাওয়া যায়। এসব পণ্য মজুদ রাখা ও বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় প্রতিষ্ঠান তিনটিকে সর্বমোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক হাসান আল মারুফ জানান, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ও নকল সয়াবিন তেল বিক্রির দায়ে এ জরিমানা করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
অভিযান পরিচালনাকালে প্রসিকিউশন কর্মকর্তা, পৌরসভা ও সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর জহরলাল পালসহ আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।