মোহাম্মদ জাহাঙ্গীর, এডভোকেট
আদালত প্রাঙ্গণে বা পথে ঘাটে আইনজীবী চিহ্নিত মহলের সৃষ্ট ’মব’- এ মারধর, টানাহেছড়ার শিকার হয়ে পরে পুলিশের হাতে হস্তান্তর করলে এক বা একাধিক তদন্তাধীন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে চালান দিলে ভিকটিম আইনজীবীকে হাজতে প্রেরণ করার সচিত্র সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ও সংবাদপত্রে নিয়মিত দেখা যায়। সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কর্মী/সমর্থক আইনজীবী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে লাঞ্চিত হওয়ার প্রেক্ষাপটে আইনজীবীদের সুরক্ষার জন্য একটি ’আইনজীবী সুরক্ষা আইন’ প্রণয়ন করার দাবীতে দেশের আইনজীবীদের একাংশ স্বোচ্ছার হয়েছেন।
অনেকে প্রশ্ন করছেন, ফ্যাসিষ্ট আ.লীগ সরকারের ১৬ বছরে কি বিরোধী দলের সমর্থক আইনজীবীরা গ্রেপ্তার হয়ে হাজতবাস করেন নাই ? তখন হাজতবাস করেছেন বলে একইভাবে এখনও আইনজীবীদের হাজতবাস করতে হবে এটা মানবিক ও আইনসম্মত যুক্তি হতে পারে না বলে আ.লীগ সমর্থক আইনজীবীরা বলছেন। অনেকে এমন প্রশ্নও করছেন, আইনজীবী সুরক্ষা আইন প্রণীত হলেই কি আইনজীবীরা লাঞ্চিত হবেন না, গ্রেপ্তার হবেন না, হাজতবাস করবেন না তার নিশ্চয়তা কোথায়? এক দলের সমর্থক আইনজীবী লাঞ্চিত হলে, গ্রেপ্তার হলে আগে লাঞ্চিত হওয়া,গ্রেপ্তার হওয়া, নির্যাতিত হওয়া আইনজীবীদের সমর্থকরা দাঁড়িয়ে তামাশা দেখে খুশী হবেন না তার নিশ্চিয়তা কোথায়?
১৯২০ সালের জীবজন্তুর প্রতি নিষ্ঠুরতা বন্ধের আইন এবং ১৮৯০ সালে পশু নির্যাতন নিবারণ আইন পশুর ওপর নির্যাতন ও জীবজন্তুর প্রতি নিষ্ঠুরতা বন্ধ করতে পারে নাই। ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন নারী-শিশুর প্রতি নির্যাতন দমন করতে পারে নাই। ১৯৮০ সালে যৌতুক নিরোধ আইন তৈরী করে দেশে যৌতুক বন্ধ করা যায় নাই। ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইন দেশের পরিবেশ রক্ষা করতে ব্যর্থ হয়েছে। ২০০০ সালের জলাধার সংরক্ষণ আইন প্রণীত হওয়ার পরও প্রকাশ্যে জলাধার ভরাট করে সরকারী-বেসরকারী আবাসিক এলাকা তৈরী করে বহুতল বিশিষ্ট ভবন-শপিং মল ইত্যাদি নির্মিত হচ্ছে। ১৯৮০ সালে নোটবই নিষিদ্ধকরণ আইন প্রণয়ন করা হলেও এখনও বাজারে নোটবই ব্যাপকভাবে পাওয়া যায় ও ব্যবহার হচ্ছে। ১৯২৯ সালে বাল্যবিবাহ নিরোধ আইন প্রণীত হলেও এখন পর্যন্ত বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব হয় নাই। ১৯৫৯ সালে বিশুদ্ধ খাদ্য আইন ও ২০১৭ সালে নিরাপদ খাদ্য আইন নামের কঠোর আইন তৈরী করেও ভেজাল ও অনিরাপদ খাদ্য তৈরী ও বিক্রী করার অভিযোগে সম্প্রতি কক্সবাজার শহরের একটি বিখ্যাত বেকারীর মালিককে সর্বোচ্চ ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। যদিও সেই দোকানে মোট এক লাখ টাকার মলামালও তখন ছিল না বলে প্রকাশ্যে ব্যাপক সমালোচনা হয়েছে, প্রতিবাদ হয়েছে, মিছিল হয়েছে। নিরাপদ খাদ্য আইন কার্যকরী করার জন্য জনগণের ট্যাক্সের টাকা থেকে বেতন গ্রহনকারী সরকারী কর্মকর্তারা নিয়মিত দায়িত্ব পালন করে দেখভাল না করায় বা বিনিময়ে কিছু নিয়ে আপোষে ভেজাল খাদ্য তৈরী ও প্রকাশ্যে ভোক্তাদের কাছে বিক্রয় করার সুযোগ দিয়েছিলেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে এই অভিযোগও আছে। আইনতঃ দায়িত্বে থাকা কর্মকর্তাদের দায়িত্ব পালনে অবহেলা করার জন্য চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় কার্যক্রম গ্রহন করার সংবাদ পেলে আমজনতা নিরপেক্ষতার সাথে ন্যায় বিচার করা হয়েছে মনে করে বেশী খুশী হতেন। ২০০৯ সালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন প্রণীত হলেও বাস্তবে দেশে ভোক্তাদের অধিকার মোটেই রক্ষা করা হচ্ছে না। ২০০৬ সালে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা প্রণয়ন ও কার্যকরী করা হলেও শব্দদূষণের কারণে রাতে পর্যন্ত বাসাবাড়ীতে জনগণ শাস্তিতে ঘুমাতে পারছেন না। তা দেখার, তদারক করার কেউ নাই। ১৯৭৯ সালে সরকারী কর্মচারী (আচরণ) বিধিমালা তৈরী ও কার্যকরী করা হলেও সামান্য কয়েকজন ব্যতিক্রম ছাড়া সরকারী কর্মচারীরা সঠিক আচরণ করেন না বলে জনগণের ব্যাপক অভিযোগ আছে। ১৯৯০ সালে মাদক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করে ধারাবাহিকভাবে তা সংশোধনক্রমে মাদক পাচারের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদন্ড করা হলেও মাদক পাচার, বিক্রী, বহন, ব্যবহার বন্ধ হয় নাই, তা প্রতিদিন মিডিয়ায় প্রকাশিত সংবাদ প্রমাণ দেয়। দেশে মাদকের ব্যবহার বন্ধ করা গেলে, মাদকের চাহিদা না থাকলে মাদক পাচার অর্থনীতির ধর্ম অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। ইদানিং মোবাইল কোর্টের মাধ্যমে মাদক সেবনকারীদের হাতেনাতে ধৃত করে ঘটনাস্থলেই দন্ডিত করে কারাগারে পাঠানোর সংবাদে দেশের জনগণ খুব খুশী হলেও মোবাইল কোর্টের কার্যক্রম দেশব্যাপী আরো বহুগুণে বৃদ্ধি করার দাবী করেন আমজনতা।
কথিত স্বৈরাচার এরশাদ সরকার যখন মন্ত্রীত্ব দিয়ে, বিভিন্ন আর্থিক, বৈষয়িক, লাভজনক সুবিধাদি দিয়ে ছলে বলে কৌশলে রাজনীতিবিদদের প্রায় নিঃস্ক্রিয় করে রেখেছিল তখন তাকে ক্ষমতাচ্যুৎ করার কার্যকর আন্দোলন শুরু করেছিলেন দেশের ঐক্যবদ্ধ আইনজীবীরা। সকল রাজনৈতিক দলের আইনজীবী নেতারা বাংলাদেশ সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট শামসুল হক চৌধুরীর নেতৃত্বে একতাবদ্ধ হয়েছিলেন। ১৯৯০ সালে গণআন্দোলনে শরীক তিন জোটের নেতারাও আইনজীবীদের পরামর্শ ও সিদ্ধান্তকে গুরুত্ব দিতেন, দেশবাসীও শ্রদ্ধার সাথে মান্য করতেন। আওয়ামী লীগ, বিএনপি, জামাত ও অন্যান্য রাজনৈতিক দলের আইনজীবীরা ভোট দিয়ে এডভোকেট শামসুল হক চৌধুরীকে ১৯৮৩ থেকে ’৮৯ সাল পর্যন্ত লাগাতার ছয়বার বাংলাদেশ সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত করেছিলেন দেশের বৃহত্তর স্বার্থে। আইনজীবীদের একতাই শক্তি । ঐক্যবদ্ধ আইনজীবীদের কাছে দেশের রাজনৈতিক দলের নেতারা অবনত হয়েছেন, ব্যাপক শক্তিশালী স্বৈরাচারী সরকার কাবু হয়েছেন, ইতিহাস তা সাক্ষ্য দেয়। ১৯৯১ সাল থেকে আইনজীবীদের মধ্যে নগ্ন দলীয়করণ শুরু হয় যা আজ পর্যন্ত বহাল আছে। দলীয়করণ আইনজীবীদের একতার বুকে কুঠারাঘাত করেছে। দেশের আইনজীবী সমিতিগুলোকে রাজনীতিমুক্ত, দলীয়করণমুক্ত করে আইন প্রাঙ্গণকে রাজনীতিমুক্ত ঘোষণা করা গেলে দেশের আইনজীবীরা আবার একতাবদ্ধ হবেন। আইনজীবীদের পেশাগত আচরণ নিয়ন্ত্রণ করার জন্য স্থানীয় আইনজীবী সমিতি ও বাংলাদেশ বার কাউন্সিল আছে । পেশাগত আচরণ নিয়ন্ত্রণ করার ভিত্তি হল ৪ অধ্যায়ে ৪২ ধারার আইনজীবীদের জন্য অবশ্যই অনুসরণীয় আইনজীবী আচরণবিধি এবং স্ব স্ব আইনজীবী সমিতির গঠনতন্ত্রসমূহ। আইনজীবী সমিতির ও আইন প্রাঙ্গণের বাইরে আইনজীবীরা পছন্দ অনুযায়ী রাজনীতি করতে বা রাজনীতি না করতে স্বাধীন অধিকার ভোগ করবেন। এই নীতিতেই দেশের আইনজীবীরা ১৯৯১ সালে দলীয়করণ শুরু হওয়ার আগ পর্যন্ত পারস্পরিক মায়া-মমতা, সহমর্মিতা ও শ্রদ্ধাবোধ নিয়ে শান্তিপূর্ণভাবে স্বসম্মানে চলেছেন। আইনজীবী সমিতিতে ও আইনাঙ্গণে দলীয় রাজনীতি ও দলীয়করণ সর্বসম্মতভাবে নিষিদ্ধ করা হলে আইনজীবীদের মধ্যে আগের একতা,পারস্পরিক সহমর্মিতা ফিরে আসবে এবং সম্মানের সাথে নিরাপদে বসবাস করতে পারবেন বলে আমার লাগাতার ৪৫ বছরের আইনপেশার ও ৩ বার কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতির অভিজ্ঞতার আলোকে তা বিশ্বাস করি।
রাজনৈতিক দলের নেতা-কর্মীদের দেশের প্রচলিত আইন না মানার, অবজ্ঞা করার আত্মঘাতি প্রবণতার প্রেক্ষাপটে নিজেদের দলকানা আচার-আচরণ, উগ্রতা ত্যাগ করে সামগ্রিক সমষ্টিক স্বার্থের কথা চিন্তা-ভাবনা করার অভ্যাস না করে, শুধু আইনজীবী সুরক্ষা আইন প্রণয়ন করে আইনজীবীদের সুরক্ষা নিশ্চিত করার সম্ভাবনা ক্ষীণ।