টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)–এর সঙ্গে সম্পৃক্ত মোহাম্মদ উল্লাহ (১৯) নামে এক রোহিঙ্গা তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। যে তরুণ আয়াতুল্লাহ বিডি আহাম্মেদ নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়, টিটিপির হোয়াটঅ্যাপ গ্রুপে যুক্ত থাকার প্রমাণ পেয়েছে পুলিশ। একই সঙ্গে এই তরুণ একই নামে পাকিস্তানের দুই সন্ত্রাসী নেতা পরিচালিত ‘হাকিকত নিউজ’ হোয়াটঅ্যাপ গ্রুপে যুক্ত এবং মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠি আরসার সামরিক শাখার দায়িত্বপ্রাপ্ত বলে জানিয়েছে পুলিশ।
সোমবার রাতে টেকনাফের জাদিমোড়ার ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে গ্রেপ্তার এই তরুণকে মঙ্গলবার সকালে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম।
মোহাম্মদ উল্লাহ একই ক্যাম্পের আবদুল করিমের ছেলে।
ওসি সাইফুল ইসলাম বলেন, 'প্রাথমিকভাবে তার টিটিপির সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তার মোবাইল ফোনে পাওয়া তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা হচ্ছে।'
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ অহিদুর রহমান জানান, সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। গোয়েন্দা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের তথ্য-প্রযুক্তি সহায়তায় তাকে শনাক্ত করা হয়।