কক্সবাজারের উখিয়া সীমান্তে মিয়ানমার অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবকের পা ক্ষত-বিক্ষত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে পালংখালী ইউনিয়নের বিআরএম-১৯ সীমান্ত পিলার সংলগ্ন শূন্যরেখা থেকে প্রায় ২৫০ গজ ভেতরে এ বিস্ফোরণ ঘটে।
আহত হামিদ হোসেনের ডান পায়ের গোড়ালি সম্পূর্ণ ক্ষত-বিক্ষত হয়েছে। বাম পায়েও আঘাত পেয়েছেন তিনি।
বিজিবি জানায়, আহত অবস্থায় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের পর স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান চিকিৎসকরা।
বিজিবির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ১ অক্টোবর পর্যন্ত উখিয়া, টেকনাফ ও নাইক্ষ্যংছড়ি সীমান্তের বিভিন্ন পয়েন্টে ৪০টির বেশি স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক বিজিবি সদস্যসহ অন্তত পাঁচজন নিহত এবং ৪২ জনের বেশি আহত বা পঙ্গুত্বের শিকার হয়েছেন।